ভারত সফরে সাকিব আল হাসান নেই; নেই তামিম ইকবাল। তবে পারিবারিক কারণে ছুটিতে যাওয়া বাঁ-হাতি ওপেনার তামিমকে নিয়ে কোনো আলোচনাই যেন নেই। যত হাহাকার সাকিবকে ঘিরেই। তবে নিষেধাজ্ঞার কারণে না থাকা সাকিবের অনুপস্থিতিকে চাপ হিসেবে নয়, অনুপ্রেরণা হিসেবে দেখতে চায় বাংলাদেশ দল।
রবিবার দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে মুখোমুখি হবে বাংলাদেশ ও ভারত। বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হবে ম্যাচটি।
বাংলাদেশ দল দেশ ছাড়ার আগে থেকে শুরু করে দিল্লিতে বৃহস্পতিবার ও শুক্রবারের অনুশীলনে ঘুরেফিরে ছিল সাকিবের অনুপস্থিতি প্রসঙ্গ। শনিবার ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনেও মাহমুদউল্লাহ রিয়াদকে কথা বলতে হয়েছে সাকিব আল হাসানকে নিয়ে। এই সিরিজে টি-টোয়েন্টির নেতৃত্ব তার কাঁধেই। দলের অভিজ্ঞ এই অলরাউন্ডার বলছেন, সাকিবকে ছাড়াই সামনে তাকাতে প্রস্তুত তারা।
সংবাদ সম্মেলনে মাহমুদউল্লাহ বলেন, ‘আমরা এটাকে (সাকিবের না থাকা) কোনো চাপ হিসেবে নিচ্ছি না। আমরা বরং অনুপ্রাণিত যেন ভালো পারফরম্যান্স করতে পারি। কারণ, সাকিবের অনুপস্থিতি সবার জন্যই, আমিসহ প্রত্যেক খেলোয়াড়ের জন্যই সমান সুযোগ।’
সতীর্থদের অনুপ্রাণিত করে বলছেন, ‘ওরা যেন সাকিবের জায়গাটা পূরণ করতে পারে... আমি জানি সাকিবের জায়গা পূরণ করা এত সহজ না। কারণ একজন সাকিব একদিনে তৈরি হয়নি। বারো বছরের বেশি সময় ধরে ও আন্তর্জাতিক ক্রিকেটে পারফর্ম করে আসছে। তারপরও আমাদের যতটুকু সামর্থ্য আছে, ওই জায়গাটা যেন পূরণ করতে পারি।’
কিন্তু সাকিব না থাকা মানেই একই সঙ্গে একজন ব্যাটসম্যান ও বোলারের অভাব। কম্বিনেশন ঠিক করা নিয়েও ম্যানেজমেন্টকে পড়তে হয় বাড়তি দুশ্চিন্তায়।
মাহমুদউল্লাহ সেটি স্বীকার করে নিলেন, ‘কম্বিনেশনের দিক দিয়ে চিন্তা করলে সব সময় সাকিবের না থাকা... দেখবেন যখন মাঝখানে ইনজুরিতে পড়েছিল তখন আমাদের কম্বিনেশনে এর প্রভাব পড়ে। কারণ, একজন টপ ক্লাস অলরাউন্ডার না থাকলে তা অবশ্যই দলে বড় একটা প্রভাব ফেলে।’
‘আমার মনে হয় ওই জায়গা থেকে কম্বিনেশনে আমাদের হয়তো একজন বাড়তি ব্যাটসম্যান ও বোলারের দিকে যেতে হবে।’- যোগ করেন মাহমুদউল্লাহ।
জয়-পরাজয়ের ক্ষেত্রেও পজিটিভ থাকার কথাই বলে দিলেন বাংলাদেশ অধিনায়ক, ‘আমরা পজিটিভ আমাদের রেজাল্ট নিয়ে। আমরা সবাই জানি ভারত তাদের নিজেদের কন্ডিশনে খুব শক্তিশালী। ওদের সাম্প্রতিক পারফরম্যান্সে তাই বলে। আমাদের হারানোর কিছু নেই। আমরা যা পেতে পারি সেদিকেই বেশি ফোকাস করব। আমরা ভালো, পজিটিভ ক্রিকেট খেলতে চাই।’
আরো পড়ুন: