সিরাজগঞ্জ সদর উপজেলার বাগবাটি ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও বাগবাটি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড সদস্য বকুল হায়দার বকুলকে (৫২) দুর্বৃত্তরা শনিবার রাত সোয়া ৮টার দিকে গুলি করে নির্মমভাবে হত্যা করেছে।
নিহত বকুল ওই ইউনিয়নের দত্তবাড়ি গ্রামের হজরত আলী মুন্সির ছেলে।
এ বিষয়ে বাগবাটি ইউনিয়নের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম জানান, ঘটনার সময় ইউপি সদস্য বকুল হায়দার পিপুলবাড়িয়া বাজার থেকে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। তিনি পিপুলবাড়িয়া-ভেওয়ামারা সড়কের দত্তবাড়ি বাজার ব্রিজ এলাকার উত্তরপাশে তার বাড়ির সামনে পৌঁছালে সেখানে আগে থেকে ওত পেতে থাকা দুর্বৃত্তরা তাকে লক্ষ করে পেছন থেকে গুলি করে পালিয়ে যায়। পরে মুমূর্ষু অবস্থায় এলাকাবাসী তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে সিরাজগঞ্জ সদর থানার ইন্সপেক্টর (তদন্ত) রফিকুল ইসলাম জানান, বকুল হায়দারের বাড়ির সামনেই এ ঘটনা ঘটে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তার পেছন দিক থেকে তাকে গুলি করা হয়েছে। লাশের ডান পাশের কানের নিচেও ধারালো অস্ত্রের আঘাত পাওয়া গেছে। খবর পেয়ে ঘটনাস্থল থেকে ময়নাতদন্তের জন্য নিহতর লাশ উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ ছাড়া বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। এ বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।