বিএসটিআইর সক্ষমতা বাড়াতে সহায়তা দেবে নেসলে

বাংলাদেশে উৎপাদিত খাদ্যপণ্যের গুণগত মানোন্নয়ন এবং আন্তর্জাতিক মানের খাদ্য পরীক্ষণ সুবিধা নিশ্চিতের লক্ষ্যে বিএসটিআইর সক্ষমতা বাড়াতে কারিগরি সহায়তা  দেওয়ার আগ্রহ ব্যক্ত করেছে নেসলে সুইজারল্যান্ড। নেসলে বিএসটিআইর জনবলের দক্ষতা বাড়াতেও সহায়তা করবে।

সুইজারল্যান্ডে শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূনের সঙ্গে নেসলের সদর দপ্তরে শুক্রবার এক বৈঠকে বহুজাতিক এই কোম্পানির এশিয়া, ওসেনিয়া ও আফ্রিকা অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট বার্নি স্টিফেন এ আগ্রহ ব্যক্ত করেন। বৈঠকে বাংলাদেশের খাদ্যশিল্পের আধুনিকায়ন, গুণগত মানোন্নয়ন ও মান অবকাঠামোর উন্নয়নে সহায়তার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়। নেসলের ভাইস প্রেসিডেন্ট এ সময় বলেন, খাদ্যশিল্পে নেসলের ১৫৩ বছরের অভিজ্ঞতা রয়েছে। বিশ্বমানের গবেষণা এবং উন্নয়ন (আর অ্যান্ড ডি) ফ্যাসিলিটি থাকায় নেসলে উৎপাদিত পণ্য সারা বিশ্বে জনপ্রিয়। বাংলাদেশেও নেসলে উৎপাদিত খাদ্যপণ্যের ব্যাপক চাহিদা রয়েছে। তাই বাংলাদেশে গুণগত শিল্পায়নে নেসলে অংশীদারিত্বের ভিত্তিতে কাজ করতে আগ্রহী বলে তিনি জানান। জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনের ফার্স্ট সেক্রেটারি (কমার্স) আলমগীর কবির এবং নেসলে বাংলাদেশ লিমিটেডের করপোরেট অ্যাফেয়ার্সবিষয়ক পরিচালক নকিব খান এ বৈঠকে উপস্থিত ছিলেন।