সাকিব-তামিমবিহীন বাংলাদেশকে দুর্বল ভাবছেন না রোহিত

নিষেধাজ্ঞার কারণে সাকিব আল হাসান নেই। পারিবারিক কারণে ছুটি নিয়েছেন তামিম ইকবাল। দিল্লির বায়ু দূষণও কপালে চিন্তার ভাঁজ ফেলার মতো। তবে মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিমদের নিয়ে গড়া বাংলাদেশ দলকে সমীহ করছেন ভারতের টি-টোয়েন্টি অধিনায়ক রোহিত শর্মা।

বিরাট কোহলি বিশ্রামে। ভারপ্রাপ্ত অধিনায়ক হিসেবে তাই টি-টোয়েন্টি দলের নেতৃত্ব পেয়েছেন রোহিত। রবিবার সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের মুখোমুখি হওয়ার আগে সংবাদমাধ্যমে এলেন ‘হিটম্যান’ খ্যাত এই ব্যাটসম্যান।

রোহিতের কণ্ঠে কেবল বাংলাদেশ দলকে নিয়ে প্রশংসাই ঝরল, ‘বাংলাদেশ খুবই খুবই ভালো একটি দল। বছরের পর বছর আমরা দেখছি তারা শুধু ঘরের মাঠে নয়, বাইরেও তারা একই ভাবে পারফর্ম করছে। বিশেষ করে আমাদের বিপক্ষে। তারা সব সময় আমাদের চাপে রাখে।’

সাকিব-তামিমের না থাকার কথা উল্লেখ করে ভারত অধিনায়ক বলেন, ‘এই দলকে আলাদাভাবে দেখার উপায় নেই। হ্যাঁ আমি বুঝতে পারছি তাদের দুজন (সাকিব, তামিম) গুরুত্বপূর্ণ খেলোয়াড় নেই। কিন্তু তাদের এখনো কিছু মানসম্পন্ন খেলোয়াড় আছে যারা যে কোনো দলের বিপক্ষে অঘটন ঘটাতে পারে।’

পরক্ষণেই অবশ্য রোহিত অঘটন শব্দটা শুধরে বললেন, ‘আমি অঘটন বলব না। আমি বলব হারাতে পারে। এটিই সবচেয়ে ভালো শব্দ ব্যবহার করার জন্য।’

ভারতীয় দলেও বেশ কিছু তরুণ ক্রিকেটারদের সুযোগ দেওয়া হয়েছে। মাহমুদউল্লাহ-মুশফিকরা তাই যে কোনো সুযোগ কাজে লাগাতে পারে।

রোহিত তাই সতর্ক থাকতে চান, ‘তাদের বেশ কিছু পরিণত ক্রিকেটার আছে। যারা অনেক দিন ধরে ক্রিকেট খেলছে। তাদের কিছু তরুণ খেলোয়াড়ও আছে একই সঙ্গে। আমাদের জন্য তাই প্রতিপক্ষ দল নয়, নিজেদের দিকে বেশি নজর দিতে হবে। কারণ আমাদেরও একই সঙ্গে অনেক তরুণ খেলোয়াড় রয়েছে।’