প্রত্যন্ত অঞ্চলে বিনা খরচে আইনি সুবিধা পৌঁছানোর তাগিদ

লিগ্যাল এইড সার্ভিসের নানা কার্যক্রম দেশের প্রত্যন্ত অঞ্চলে পৌঁছে দেওয়ার প্রতি গুরুত্বারোপ করেছেন সংস্থাটির পরিচালক (সিনিয়র জেলা ও দায়রা জজ) মো. আমিনুল ইসলাম। গতকাল রবিবার কক্সবাজারের একটি হোটেলে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের ন্যাশনাল লিগ্যাল এইড সার্ভিসেস অর্গানাইজেশন (এনএলএএসও) এবং কক্সবাজার জেলা লিগ্যাল এইড কমিটির (ডিএলএসি) যৌথ আয়োজনে সাংবাদিকদের এক কর্মশালায় আমিনুল ইসলাম এসব কথা বলেন।

তিনি বলেন, শুধু আদালত নয়, সমস্যা সমাধানের জন্য সবার সদিচ্ছা থাকা দরকার। সমাজের সব স্তরের মানুষের মাঝে সচেতনতা সৃষ্টি করতে পারলে অনেক সমস্যা কেটে যাবে। যে যার অবস্থানে থেকে দেশকে নিয়ে ভাবতে হবে। ‘কেস রেফারেল মেকানিজম কার্যকরীকরণে সাংবাদিকদের ভূমিকা’ শীর্ষক কর্মশালার শুরুতে জাতীয় লিগ্যাল এইড কমিটির কার্যক্রমের ওপর ভিডিও ডকুমেন্টারি প্রদর্শন করা হয়।