আওয়ামী লীগের প্রয়াত প্রেসিডিয়াম সদস্য, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও সাবেক সাংসদ আখতারুজ্জামান চৌধুরী বাবুকে পরম শ্রদ্ধার সঙ্গে স্মরণ করল আনোয়ারা এবং দক্ষিণ চট্টগ্রামের মানুষ। গতকাল সোমবার ছিল প্রয়াত এ নেতার ৭ম মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে আনোয়ারা ও কর্ণফুলী উপজেলায় খতমে কোরআন ও দোয়া মাহফিল হয়।
সকালে আনোয়ারার হাইলধর গ্রামে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন আওয়ামী লীগ নেতাকর্মী ও সমর্থকরা। বিকেল ৫টায় তার বড় ছেলে ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী বাবার কবরে পুষ্পমাল্য অর্পণ করেন। এ সময় চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, আনোয়ারা উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম এ মান্নান চৌধুরী, সাধারণ সম্পাদক এম এ মালেক, কর্ণফুলী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফারুক চৌধুরী, সাধারণ সম্পাদক হায়দার আলী রনিসহ স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। এছাড়া আখতারুজ্জামান চৌধুরী বাবু স্মৃতি সংসদ, আখতারুজ্জামান চৌধুরী বাবু ফাউন্ডেশন, আনোয়ারা প্রেস ক্লাবসহ বিভিন্ন সংগঠন ও নেতাদের পক্ষ থেকে সমাধিতে ফুল দেওয়া হয়।