যুবলীগের কথিত নেতা এস এম গোলাম কিবরিয়া (জি কে) শামীমের মালিকানাধীন প্রতিষ্ঠান জি কে বি অ্যান্ড কোম্পানি প্রাইভেট লিমিটেডের জব্দকৃত ব্যাংক হিসাব খুলে দেওয়ার আবেদন উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দিয়েছে হাইকোর্ট। গতকাল তার আইনজীবী আবেদনটি ফেরত নেওয়ার আবেদন জানালে বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি মো. মাহমুদ হাসান তালুকদারের বেঞ্চ এ আদেশ দেয়।
আদালতে আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী মো. অজিউল্লাহ। রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল বাগমার। পরে রাষ্ট্রপক্ষের আইনজীবী বিপুল বাগমার দেশ রূপান্তরকে বলেন, ‘আবেদনকারীর পক্ষে আইনজীবী মামলা চালাবেন না বলে আবেদন ফেরত চাইলে হাইকোর্ট আবেদনটি উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দেয়। ফলে ওই প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব যেমন আছে (জব্দ) তেমনই থাকবে।’
গত ২০ সেপ্টেম্বর রাজধানীর নিকেতনের ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে জি কে শামীম ও তার ছয় দেহরক্ষীকে গ্রেপ্তার করে র্যাব। এ সময় প্রায় ২ কোটি টাকা, পৌনে ২০০ কোটি টাকার এফডিআর, আগ্নেয়াস্ত্র ও মদ উদ্ধার করা হয়। জি কে শামীমের বিরুদ্ধে গণপূর্ত ভবনে প্রভাব খাটিয়ে ঠিকাদারি কাজ বাগিয়ে নেওয়া ও ক্যাসিনো কারবারসহ নানা অপকর্মের অভিযোগ রয়েছে। গত ২৩ সেপ্টেম্বর তার প্রতিষ্ঠানের সব ব্যাংক হিসাব জব্দের নির্দেশ দেয় বাংলাদেশ ব্যাংক।