হবিগঞ্জের চুনারুঘাটে দুই বন্ধু কবরস্থান থেকে ফিরে বাড়ি পৌঁছে ছটফট করতে করতে একজনের রহস্যময় মৃত্যু হয়েছে এবং অপরজন চিকিৎসাধীন রয়েছেন।
সোমবার দিবাগত রাত পৌনে ১০টার দিকে এ ঘটনা ঘটে। মৃত্যুবরণকারী মোশাহিদ (২৪) উপজেলার মিরাশী ইউনিয়নের আমতলী গ্রামের আব্দুল মান্নানের ছেলে এবং তার বন্ধু সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন জয়নাল (২৫) ওই এলাকার নিতাই মিয়ার ছেলে।
চুনারুঘাট থানার এসআই ছামিউল ইসলাম পরিবারে সদস্যদের উদ্ধৃতি দিয়ে জানান, সোমবার দিবাগত রাতে উপজেলার মোশাহিদ ও তার বন্ধু জয়নাল একটি কবরস্থানে গিয়েছিল। সেখান থেকে ফিরে তারা দুজনই যার যার বাড়ি পৌঁছে ছটফট করতে থাকেন। তাৎক্ষণিকভাবে তাদের দুজনকে চুনারুঘাট হাসপাতালে নেওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক দুজনকেই হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করেন। সেখানে তাদের অবস্থা সংকটাপন্ন হলে ডাক্তারের পরামর্শে পরিবারের লোকজন তাদেরকে নিয়ে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উদ্দেশ্যে রওনা হন। পথিমধ্যে রাত ১২টায় শেরপুর নামকস্থানে মোশাহিদ মারা যান। সংকটাপন্ন অবস্থায় জয়নালকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এসআই ছামিউল জানান, তারা বিষপান করেছে নাকি বিষাক্ত মদপানে এ পরিণতি হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি। জয়নাল সুস্থ হলে এর মূল কারণ জানা যাবে।
মৃত মোশাহিদ পেশায় কাঠমিস্ত্রি ছিল। অপরদিকে জয়নাল একজন কৃষি শ্রমিক। তার স্ত্রী মধ্যপ্রাচ্যে শ্রমিক ভিসায় চাকরি করছেন।
এদিকে মঙ্গলবার সকালে ময়নাতদন্ত ছাড়া মোশাহিদকে পরিবারের সদস্যরা দাফনের প্রস্তুতি নিলে পুলিশ লাশটি উদ্ধার করে হবিগঞ্জ হাসপাতালের মর্গে প্রেরণ করে। ময়নাতদন্তের পর তার লাশ দাফন করা হয়।
সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. শামীমা আক্তার জানান, কিভাবে তারা বিষক্রিয়ায় আক্রান্ত হয়েছে তা এখনই বলা যাচ্ছে না। ময়নাতদন্ত রিপোর্ট পাওয়া গেলেই এ বিষয়ে নিশ্চিত হওয়া যাবে।