সিলেটে রবীন্দ্রনাথের শতবর্ষ স্মরণোৎসব শুরু

রবীন্দ্রনাথ ঠাকুরের সিলেট আগমনের শতবার্ষিকীকে স্বাগত জানিয়ে নগরীতে বর্ণাঢ্য শোভাযাত্রা করেছে সিলেট সিটি করপোরেশন (সিসিক)। মঙ্গলবার দুপুরে নগর ভবন থেকে শোভাযাত্রাটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সিলেট জেলা স্টেডিয়ামে গিয়ে শেষ হয়।

এদিকে মঙ্গলবার থেকে শুরু হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের সিলেট আগমনের শতবর্ষ উপলক্ষে আয়োজিত সপ্তাহব্যাপী উৎসবের মূল কর্মযজ্ঞ। এদিন বিকেল সাড়ে ৪টায় সিলেটের ঐতিহ্যবাহী কিন ব্রিজ এলাকায় রবীন্দ্রনাথের ম্যুরাল উন্মোচনের মাধ্যমে শুরু হয় এর মূল পর্ব।

অনুষ্ঠানের উদ্বোধন করেন ‘সিলেটে রবীন্দ্রনাথ : শতবর্ষ স্মরণোৎসব উদযাপন’ পর্ষদের আহ্বায়ক ও সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। এরপর শুরু হয় সিলেটের কয়েকশ শিল্পীর পরিবেশনায় নৃত্য, আবৃত্তি ও সংগীতানুষ্ঠান। এ ছাড়া ব্রাহ্ম মন্দিরেও হয়েছে পৃথক স্মরণ অনুষ্ঠান।

সিসিকের শোভাযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে আবুল মাল আবদুল মুহিত বলেন, ‘বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সৃষ্টিকর্মের বিশালত্ব উপলব্ধি করতে হবে। নিজেদের সাহিত্য-সংস্কৃতিবোধকে সমৃদ্ধ করতে এটা জরুরি।’

তিনি আরও বলেন, ‘রবীন্দ্রনাথ ঠাকুর কেবল বিশ্বকবি নন, তিনি বিশ্বসাহিত্যিকও। তাকে বিশ্বপরিব্রাজকও বলা চলে। সেই সময়ের কঠিন যোগাযোগ ব্যবস্থা সত্ত্বেও রবীন্দ্রনাথ পৃথিবীর বহু দেশ ভ্রমণ করেছেন। ১০০ বছর আগে দুর্গম পথ পাড়ি দিয়ে তিনি সিলেট এসেছিলেন। সিলেটে এসে কবি মুগ্ধ হয়েছিলেন। মণিপুরি নৃত্য দেখে মুগ্ধ হয়ে কবি সেই নৃত্যকে শান্তিনিকেতনে পাঠ্যভুক্ত করেন।’

সিলেটে রবীন্দ্র স্মরণোৎসবে সব শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণও কামনা করেন মুহিত।

শোভাযাত্রায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উদযাপন পর্ষদের সদস্য সচিব এবং সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।