ক্ষুদ্রঋণ গ্রহীতাদের জন্য ব্র্যাকের সঙ্গে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্সের যৌথভাবে চালু করা ‘গার্ডিয়ান ব্র্যাক বীমা’ (জিবিবি) সারা দেশের প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত জনপ্রিয়তা পেয়েছে। এ বীমার আওতায় পর্যায়ক্রমে ঋণগ্রহীতার সঙ্গে তার স্বামী বা স্ত্রীও অন্তর্ভুক্ত হয়। ফলে ব্র্যাকের কোনো ঋণগ্রহীতা বা তার স্বামী বা স্ত্রী মারা গেলে অন্যজন বীমা সুবিধার আওতায় পরিবারের দায়ভার গ্রহণ করতে পারেন।
গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্সের প্রধান নির্বাহী কর্মকর্তা এমএম মনিরুল আলম জানান, দেশের তিন বৃহৎ প্রতিষ্ঠান স্কয়ার গ্রপ, এপেক্স গ্রপ ও ব্র্যাক মিলে ২০১৪ সালে গড়ে তোলে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স। কোম্পানিটির সবচেয়ে জনপ্রিয় বীমাপণ্য হলো জিবিবি। ব্র্যাকের ক্ষুদ্রঋণ গ্রহীতাদের জন্য এই বীমা চালুর পর ২০১৭ সালে ইন্স্যুরেন্স এশিয়া অ্যাওয়ার্ড পায় কোম্পানিটি। তিনি বলেন, বর্তমানে ব্র্যাক নেটওয়ার্কের ২ হাজার ৫৩০টি শাখায় এ বীমা করার সুবিধা রয়েছে। ব্র্যাকের সহায়তায় গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি ৫৭ লাখেরও বেশি ক্ষুদ্রঋণ গ্রহীতা স্বাবলম্বী হয়েছে, ১ কোটির বেশি মানুষ বীমা সুবিধা পেয়েছে। এ প্রকল্পের আওতায় ইতিমধ্যে ৪০ হাজারেরও বেশি বীমা দাবি মেটানো হয়েছে, যার আর্থিক মূল্য ১৬৯ কোটি টাকা।