শুধু মুনাফায় দৃষ্টি না রেখে পরিবেশসম্মত পোশাক উৎপাদনে বিদেশি ক্রেতাদের সহায়ক ভ‚মিকা নিতে হবে। তৈরি পোশাক খাতের উন্নয়নে বায়ার বা ক্রেতাদের দায়িত্ব থাকলেও উদ্যোক্তারাই তা পালন করে আসছেন। সাসটেইনেবল অ্যাপারেল ফোরামে (এসএএফ) দিনব্যাপী বিভিন্ন কর্ম অধিবেশনে এসব কথা বলেছেন এ খাতের জাতীয় ও আন্তর্জাতিক বিশেষজ্ঞরা। গতকাল ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) এই ফোরামের আয়োজন করা হয়। বাংলাদেশ অ্যাপারেল এক্সচেঞ্জ (বিএই) ও বিজিএমইএ যৌথভাবে এই ফোরামের আয়োজন করে। পাশাপাশি ডেনিম পণ্যের দুই দিনব্যাপী প্রদর্শনী শুরু হয়েছে একই ভেন্যুতে। বিখ্যাত ব্র্যান্ড এইচঅ্যান্ডএম এবার এই প্রদর্শনীতে তাদের পণ্য প্রদর্শন করছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম ছাড়াও উদ্যোক্তা ও ব্র্যান্ডের প্রতিনিধি ও ক‚টনীতিকরা তোদের মতামত তুলে ধরেন। ঢাকায় কানাডার হাইকমিশনার বেনয়ে প্রেফন্টেইন বলেন, সরবরাহ চেইন ইস্যুতে বিভিন্ন সময় তাদের অনেক প্রশ্নের মুখে পড়তে হয়। শ্রম ইস্যু, কারখানা পরিদর্শন ব্যবস্থাসহ সার্বিক স্বচ্ছতার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কানাডার ভোক্তারা এ বিষয়ে জিজ্ঞাসা করেন। কর্মপরিবেশ ইস্যুটি কেবল শ্রমিক বা তাদের পরিবারের জন্য নয়, এটি বাংলাদেশের অর্থনীতির জন্যও গুরুত্বপূর্ণ।
সুইডেনভিত্তিক ব্র্যান্ড এইচঅ্যান্ডএমের সাসটেইনেবিলিটির প্রধান পিয়েরে বারজেসন বলেন, কর্মক্ষেত্রের পরিবেশ উন্নয়নে শক্তিশালী সামাজিক সংলাপ প্রয়োজন। বিজিএমইএ এক্ষেত্রে উদ্যোগ নিতে পারে। বিশেষত শ্রমিকের মজুরি বাড়ানো, স্বাস্থ্য, শিক্ষা ও লিঙ্গভিত্তিক সমতার বিষয়টি নিশ্চিত করার ক্ষেত্রে এ ধরনের সংলাপ ভালো ফল দিতে পারে।