জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) পরিস্থিতি বুঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্যবস্থা নেবেন বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। গতকাল মঙ্গলবার রাজধানীর সেতু ভবনে কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।
ওবায়দুল কাদের বলেন, ‘এটা প্রধানমন্ত্রীর নজরে আছে, এর সর্বশেষ খবর প্রধানমন্ত্রী জানেন। কোনো ব্যবস্থা নিতে হলে তিনি খোঁজখবর নিয়ে নেবেন। সরকারপ্রধান এ ব্যাপারে খুব সজাগ। তিনি বিষয়টা পর্যবেক্ষণ করছেন, অবস্থা বুঝে ব্যবস্থা নেবেন।’ উপাচার্য অধ্যাপক ফারজানা
ইসলামের অপসারণ দাবিতে আন্দোলনরত শিক্ষক-শিক্ষার্থীদের ওপর গতকাল ছাত্রলীগের হামলার পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে।
সেতুমন্ত্রী কাদের এ সময় দ্বীপ জেলা ভোলার সঙ্গে বরিশালকে যুক্ত করতে বাংলাদেশের দীর্ঘতম সড়ক সেতু নির্মাণের কাজ শিগগিরই শুরু হবে বলে জানান। বলেন, ‘এই সেতুর সম্ভাব্যতা যাচাইয়ের কাজ ইতিমধ্যে শেষ হয়েছে, নির্মাণ কাজ শিগগিরই শুরু হবে। এই সেতুর দৈর্ঘ্য হবে ৮ কিলোমিটার। এটাই বাংলাদেশের সবচেয়ে দীর্ঘতম সেতু।’ এ সময় তিনি জানান, চীন এই সেতুতে অর্থায়নের আগ্রহ প্রকাশ করেছে। বিএনপির সমালোচনা করে ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাদের বলেন, ‘উন্নয়ন অগ্রগতিতে সারা বিশ্বে বিস্ময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একটা দৃশ্যমান কাজ বিএনপি দেখাতে পারবে না।’ তিনি বলেন, ‘তাদের (বিএনপি) আছে কথামালার চাতুরী। তাদের সরকার এই দেশে দৃশ্যমান কোনো উন্নয়ন করতে পারেনি। এখন শেখ হাসিনার সরকার করছে, এটা তাদের গায়ে জ্বালা, অন্তজর্লা তারা সইতে পারছে না।’