খোকাকে নিয়ে বিএনপি মিথ্যাচার করছে : হানিফ

বিএনপির ভাইস চেয়ারম্যান প্রয়াত সাদেক হোসেন খোকাকে নিয়ে দলটি মিথ্যাচার করেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ। তিনি বলেন, সাদেক হোসেন খোকাকে নিয়ে বিএনপি আওয়ামী লীগের বিরুদ্ধে মিথ্যাচার করছে। এরা নির্লজ্জ মিথ্যাচার, সন্ত্রাস করে ক্ষমতায় আসতে চায়। গতকাল মঙ্গলবার দুপুরে ভেড়ামারা উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

বিএনপির উদ্দেশে হানিফ আরও বলেন, ‘২০১৯ কিংবা ২০২৪ নয়,২০২৯ সালের নির্বাচনের পরে বিএনপি ক্ষমতায় আসতে পারবে কি নাÑ সেটা নিয়ে মাথা ঘামানো যাবে, তার আগে কেউ আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করতে পারবে না। কারণ আওয়ামী লীগের সঙ্গে জনগণ আছে।’

হানিফ বলেন, ‘কারও কারণে আওয়ামী লীগের গায়ে কলঙ্ক লাগুক, এই কাজ বরদাস্ত করা যাবে না। দু-একজন জুয়াড়ি বা ক্যাসিনোর সঙ্গে জড়িতদের কারণে শেখ হাসিনার অর্জনকে মøান করা যাবে না। অপরাধীরা আওয়ামী লীগের হলেও তাদের আইনের আওতায় আনা হবে।’

আলোচনা শেষে ভেড়ামারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে রফিকুল আলম চুন্নু ও সাধারণ সম্পাদক শামীমুল ইসলাম ছানার নাম ঘোষণা করেন নেতারা।

ভেড়ামারা উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আখতারুজ্জামান মিঠুর সভাপতিত্বে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সাবেক পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মির্জা আজম, আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন, কুষ্টিয়া-১ আসনের সংসদ সদস্য আ ক ম সারোয়ার জাহান বাদশা, জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান প্রমুখ।