ঝালকাঠিতে টাওয়ার থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

ঝালকাঠিতে নির্মাণাধীন বৈদ্যুতিক টাওয়ার থেকে পড়ে দবিরুল ইসলাম নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ৮টার দিকে জেলার নলছিটি উপজেলার হাড়িখালী গ্রামে এ ঘটনা ঘটে। মারা যাওয়া দবিরুল (২২) দিনাজপুরের বিরল উপজেলার পাকুরা গ্রামের হামিদুল ইসলামের ছেলে।

স্থানীয়রা জানায়, হাড়ীখালী গ্রামে একটি বৈদ্যুতিক টাওয়ার নির্মাণের কাজ চলছিল। সকালে দবিরুলসহ কয়েকজন শ্রমিক টাওয়ারের ওপরের অংশে কাজ শুরু করে। এ সময় হঠাৎ ফসকে গিয়ে দবিরুল নিচে পড়ে যায়। পরে দবিরুলকে উদ্ধার করে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।