সাগরে জাহাজের ধাক্কায় মাছ ধরার ট্রলার ডুবি, নিহত ৩

কক্সবাজারের সেন্টমার্টিন দ্বীপের অদূরে গভীর সাগরে বাণিজ্যিক জাহাজের ধাক্কায় একটি ফিশিং ট্রলার ডুবির ঘটনায় ৩ জেলে নিহত হয়েছেন। এ ঘটনায় ১২ জনকে জীবিত উদ্ধার করেছে নৌ-বাহিনী। এছাড়াও এখনো নিখোঁজ ৯ জেলেকে উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছে নৌবাহিনীর জাহাজ সমুদ্র জয় ও অপরাজেয়।

বুধবার রাত সাড়ে ৮টার দিকে আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এর সহকারী পরিচালক রাশেদুল আলম খান ট্রলার ডুবির এই খবর জানান।

তিনি জানান, গভীর সাগরে বাণিজ্যিক জাহাজের ধাক্কায় এফবি মিনসন্ধানী নামের একটি ফিশিং ট্রলার থাকা ২৪ জন জেলেসহ বুধবার ভোরের দিকে ডুবে যায়। সংবাদ পেয়ে গভীর সমুদ্রে টহলরত নৌবাহিনীর জাহাজ সমুদ্র জয় দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় জেলেদের সহযোগিতায় ১২ জনকে জীবিত উদ্ধার করে।

রাশেদুল আলম খান আরও জানান, খবর পেয়ে নৌবাহিনীর অপর একটি জাহাজ অপরাজেয় উদ্ধার কাজে যোগ দেয়। দীর্ঘ সময় উদ্ধার তৎপরতা পরিচালনা করে এখন পর্যন্ত ৩টি মৃতদেহ উদ্ধার করেছে এবং নিখোঁজ ৯ জেলেকে উদ্ধারে নৌবাহিনী জাহাজ সমুদ্র জয় ও অপরাজেয় নিরবচ্ছিন্ন উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছে।

উদ্ধারকৃত জেলেদের টেকনাফের স্থানীয়দের নিকট হস্তান্তর করা হয়েছে। তবে উদ্ধার হওয়া মৃতদেহ গুলোর পরিচয় নিশ্চিত করতে পারেনি ‘আইএসপিআর’।