বগুড়ার শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের কর্মিসভায় জেলার ভারপ্রাপ্ত সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান ডা. মকবুল হোসেনকে প্রধান অতিথি না করায় তিনি ক্ষুব্ধ হয়ে কর্মিসভা বর্জন করেছেন। গতকাল বুধবার দুপুরে শিবগঞ্জ উপজেলা পরিষদে শহীদ মুক্তিযোদ্ধা হাফিজার রহমান অডিটরিয়ামে এই সভা চলছিল।
জানা গেছে, আগামী ৭ ডিসেম্বর বগুড়া জেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সম্মেলন সফল করার জন্য জেলা কমিটির নির্দেশে প্রতিটি উপজেলায় আওয়ামী লীগের কর্মিসভা করা হচ্ছে। গতকাল বুধবার বেলা ১১টায় শিবগঞ্জ উপজেলার শহীদ মুক্তিযোদ্ধা হাফিজার রহমান অডিটরিয়ামে আওয়ামী লীগের কর্মিসভা আহ্বান করা হয়। সেই কর্মিসভায় জেলা আওয়ামী লীগের সভাপতি ডা. মকবুল হোসেনকে উদ্বোধক ও জেলার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মজিবুর রহমান মজনুকে প্রধান অতিথি করা হয়। কিন্তু জেলা আওয়ামী লীগের সভাপতি ডা. মকবুল হোসেনকে প্রধান অতিথি না করায় তিনি ক্ষুব্ধ হন।
গতকাল দুপুরে কর্মিসভার শুরুতেই ডা. মকবুল হোসেন তার উদ্বোধনী বক্তব্য দিতে গিয়ে বলেন, ‘সংগঠনের নিয়ম অনুযায়ী এই কর্মিসভায় আমাকে প্রধান অতিথি করার কথা। কিন্তু তা না করে জেলা সাধারণ সম্পাদককে প্রধান অতিথি করা হয়েছে। এ কারণে এই সভায় থাকা সম্ভব নয়।’ পরে তিনি ক্ষিপ্ত হয়ে কর্মিসভা বর্জন করে সভাস্থল ত্যাগ করেন।