স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদন্ড

পিরোজপুরে তিন বছর আগে আসমা বেগম নামে এক নারীকে গলা কেটে হত্যার দায়ে তার স্বামীকে মৃত্যুদন্ড দিয়েছে আদালত। গতকাল বুধবার দুপুরে জেলা ও দায়রা জজ মো. আবদুল মান্নান আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। দন্ডিত রেজাউল মোড়ল (৪০) খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার মালতিয়া গ্রামের মো. আবদুল কাশেমের ছেলে।

মামলার বরাতে বাদীপক্ষের আইনজীবী মো. আলাউদ্দিন জানান, পিরোজপুরে শহরের মাছিমপুরের বলাকা ক্লাব সংলগ্ন গাজীবাড়ি রোডের একটি বাড়িতে স্ত্রী আসমাকে নিয়ে থাকতেন রেজাউল। আসমা স্থানীয় খালকাটা শ্রমিকের কাজ করতেন। ২০১৬ সালের ২২ ডিসেম্বর রাতে রেজাউল ও আসমা খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। পরের দিন সকালে আলমগীর নামের এক শ্রমিক তাদের ঘরে খাবার খেতে গিয়ে মেঝেতে রক্তাক্ত অবস্থায় আসমার লাশ পড়ে থাকতে দেখেন।