সরকারবিরোধী প্রধান রাজনৈতিক জোট জাতীয় ঐক্যফ্রন্টের নেতা ও জেএসডি সভাপতি আ স ম আবদুর রব বলেছেন, বৃহত্তর জাতীয় ঐক্য গঠন করে আওয়ামী লীগ সরকারকে বিদায় করবেন তারা। গতকাল বুধবার জাতীয় প্রেস ক্লাবের সামনে ঐক্যফ্রন্টের উদ্যোগে বুয়েট ছাত্র আবরার ফাহাদ হত্যার বিচার দাবিতে ‘রক্তের অক্ষরে সত্যের স্বাক্ষর’ কর্মসূচির উদ্বোধন করে তিনি এ কথা বলেন।
রব বলেন, রক্তের বিনিময় হলেও জনগণের অধিকার ফিরিয়ে দিতে হবে। শুধু ফাহাদ হত্যার সুষ্ঠু বিচারের দাবি নয়, এই সরকারের বিদায়ের জন্য রক্ত দিয়ে স্বাক্ষর করে শপথ করছি। বৃহত্তর জাতীয় ঐক্য গঠন করে এই সরকারের বিদায় করব। তিনি জানান, এ অনুষ্ঠানের আগে জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন মতিঝিলে তার আইনি চেম্বারে ‘রক্তের অক্ষরে সত্যের স্বাক্ষর’ কর্মসূচির অনানুষ্ঠানিক উদ্বোধন করেন।
জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ সভাপতি রব সরকারকে উদ্দেশ্য করে বলেন, কত রক্ত চাই আপনাদের? রক্তের বন্যায় ভেসে যাবে সকল অন্যায়। যত রক্ত চান, রক্ত দেব। কিন্তু জনগণের অধিকার ফিরিয়ে দিতে হবে। সরকারি দল থেকে বলা হচ্ছে আবরারের বিচারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তাহলে আমরা আন্দোলন করছি কেন? তিনি বলেন, গত মঙ্গলবার এক বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী ও শিক্ষকদের ওপর হামলা চালানো হয়েছে। কিছুদিন আগে এক অধ্যক্ষকে পানিতে ফেলে দিয়েছে ছাত্রলীগ। এসবের বিচারও এখনো হয়নি। ছাত্রলীগ একটি খুনি লীগ।
রব বলেন, সরকার শুধু আবরারকে খুন করেনি। জনগণের অধিকার খুন করেছে, গণতন্ত্র হরণ করেছে, মুক্তিযুদ্ধের চেতনাকে খুন করেছে। এ সময় তিনি অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি দাবি করেন। কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন গণফোরামের সাধারণ সম্পাদক ড. রেজা কিবরিয়া, কার্যকরী সভাপতি আবু সাইয়িদ, জেএসডির জ্যেষ্ঠ সহসভাপতি তানিয়া রব, জাতীয় ঐক্যফ্রন্টের মিডিয়াপ্রধান জাহাঙ্গীর আলম মিন্টু প্রমুখ।