কুষ্টিয়ায় ঘুষ নেওয়ার সময় সাব রেজিস্ট্রার ও অফিস সহকারী আটক

কুষ্টিয়ায় ঘুষ গ্রহণকালে সদর সাব রেজিস্ট্রার সুব্রত কুমার সিংহ ও অফিস সহকারী রফিকুল ইসলাম মুকুল দুদকের অভিযানে হাতেনাতে আটক হয়েছেন। গতকাল বৃহস্পতিবার দুপুর ১টায় শুরু হয়ে ঘণ্টাব্যাপী চলা দুদকের এই অভিযানে আটক ব্যক্তিদের তল্লাশি চালিয়ে ঘুষের ১ লাখ ৪ হাজার ৪০০ টাকা উদ্ধার করা হয়েছে। এ সময় সেখানে নির্বাহী ম্যাজিস্ট্রেট পার্থ প্রতীম শীল উপস্থিত ছিলেন।

দুদকের উপপরিচালক মো. যাকারিয়া বলেন, বৃহস্পতিবার সকালে আমাদের কাছে সংবাদ আসে যে সদর সাব রেজিস্ট্রি অফিসে গ্রাহকদের কাছ থেকে অতিরিক্ত টাকা নেওয়া হচ্ছে। এরপর সাব রেজিস্ট্রার সুব্রত কুমার সিংহ ও অফিস সহকারী রফিকুল ইসলাম মুকুলকে ঘুষের টাকাসহ হাতেনাতে আটক করা হয়।