টাঙ্গাইলের এলেঙ্গা থেকে হাটিকুমরুল হয়ে রংপুর পর্যন্ত ১৯০ কিলোমিটার দীর্ঘ জাতীয় মহাসড়ক কয়েকটি প্যাকেজের আওতায় চার লেনে উন্নীত হচ্ছে। দক্ষিণ এশীয় সাব-রিজিওনাল ইকোনমিক কো-অপারেশন বা সাসেক রোড কানেক্টিভিটি প্রকল্প-২ ও এলেঙ্গা-হাটিকুমরুল-রংপুর সড়ক উন্নয়ন প্রকল্পের আওতায় মোকামতলা থেকে পলাশবাড়ী পর্যন্ত ২৯ দশমিক ৯ কিলোমিটার সড়ক চার লেনে উন্নীত করতে ব্যবহার হবে দেশের অন্যতম সেরা ব্র্যান্ড বসুন্ধরা সিমেন্ট। এ সিমেন্ট ব্যবহার করে এই সড়ক উন্নয়নে সেতু, কালভার্ট, ওভারপাস ও আন্ডারপাস নির্মাণ করা হবে।
এই সড়ক উন্নয়নে বসুন্ধরা সিমেন্ট ব্যবহার করার বিষয়ে গতকাল রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে চুক্তি সই করেছে বসুন্ধরা ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স ও সংশ্লিষ্ট প্রকল্পের ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না কনস্ট্রাকশন সেভেনথ ইঞ্জিনিয়ারিং ডিভিশন করপোরেশন। বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সায়েম সোবহান আনভীর এবং সাসেক রোড কানেক্টিভিটি প্রকল্পের ম্যানেজার যাং যং য়ুই নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি সই করেন। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে জানানো হয়, আধুনিক প্রযুক্তিতে সমৃদ্ধ, দেশের অন্যতম বৃহৎ উৎপাদনক্ষমতা সম্পন্ন উন্নতমানের ক্লিংকারে উৎপাদিত এবং সঠিক মানের ধারাবাহিকতা রক্ষা ও সুষ্ঠু সরবরাহ ব্যবস্থার ওপর আস্থা রেখে এ প্রকল্পে বসুন্ধরা সিমেন্ট ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে চায়না কনস্ট্রাকশন সেভেনথ ইঞ্জিনিয়ারিং ডিভিশন করপোরেশন। বর্তমানে দেশের সব উল্লেখযোগ্য প্রকল্প যেমনÑ মূল পদ্মা সেতু, পদ্মা সেতুর নদী শাসন, পদ্মা সেতুর রেল সংযোগ প্রকল্প, মেট্রো রেল, ফার্স্ট ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে, পায়রা সেতু, সাসেক-১, কালশী ফ্লাইওভার, ওয়েস্টার্ন বাংলাদেশ ব্রিজ উন্নয়ন প্রকল্প, এস আলম পাওয়ার প্ল্যান্ট, রংপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, মাতারবাড়ী তাপবিদ্যুৎ কেন্দ্র, রূপসা রেল সেতু, রামপাল বিদ্যুৎকেন্দ্রসহ অন্যান্য বৃহৎ স্থাপনাগুলোতে ব্যবহৃত হচ্ছে বসুন্ধরা সিমেন্ট।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চায়না রেলওয়ে ইঞ্জিনিয়ারিং করপোরেশনের (সাউথ এশিয়া কোম্পানি) মহাব্যবস্থাপক গ সিচাও, ম্যটেরিয়াল ম্যানেজার ডং যেং, বসুন্ধরা গ্রুপের উপদেষ্টা মে. জে. (অব.) মাহবুব হায়দার ও মোহাম্মদ আবু তৈয়ব, ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের পরিচালক ও দৈনিক কালের কণ্ঠের সম্পাদক ইমদাদুল হক মিলন, বসুন্ধরা গ্রুপের চিফ ফিনান্সিয়াল অফিসার মো. তোফায়েল হোসেন, চিফ মার্কেটিং অফিসার খন্দকার কিংশুক হোসেন, জেনারেল ম্যানেজার (সেলস) ইঞ্জিনিয়ার মো. মাহমুদুল হাসান, ম্যানেজার ইঞ্জিনিয়ার ইমাম আল কুদরত-ই-এলাহি, ম্যানেজার মো. সাইফুল ইসলাম রুবেলসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।