ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে ১০ জন আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলা সদরের সমবায় মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় পুলিশ বিএনপির চার নেতাকর্মীকে আটক করে।
জানা যায়, গত ১৪ অক্টোবর নবীনগর পৌরসভার নির্বাচন হয়। এ নির্বাচনে মনোনয়ন না পেয়ে উপজেলা বিএনপির সহসভাপতি ও পৌর মেয়র মাঈনুদ্দিন মাঈনু দল থেকে পদত্যাগ করে বিদ্রোহী প্রার্থী হন। নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী শাহাবুদ্দিন ও বিদ্রোহী প্রার্থী মাঈনু দুজনই হেরে যান। এ নিয়ে উপজেলা বিএনপির সঙ্গে মাঈনুদ্দিন মাঈনুর দূরত্ব সৃষ্টি হয়। সকালে উপজেলা সদরের সমবায় মার্কেট এলাকায় উপজেলা বিএনপি ৭ নভেম্বরর কর্মসূচি ঘোষণা করে। সকাল ১০টার দিকে পূর্ব বিরোধের জের ধরে পদত্যাগী বিএনপি নেতা মাঈনু সমর্থকরা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আনিছুর রহমান মঞ্জু ও তার সমর্থকদের ওপর হামলা করে। এ সময় দুপক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। সংঘর্ষ পুরো এলাকায় ছড়িয়ে পড়লে নবীনগর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আনিছুর রহমান মঞ্জু, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক নাছিরউদ্দিন, বিএনপি কর্মী অ্যাডভোকেট আলাউদ্দিন, জহিরুদ্দিন জরু, রাসেল, সাজ্জাদ, এমদাদসহ ১০ জন আহত হন। পুলিশ ঘটনাস্থল থেকে পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক নাছিরউদ্দিন, বিএনপিকর্মী কাজী বিল্লাল, জহিরুদ্দিন জরু ও জুনায়েদকে আটক করে।