ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের উদ্ভিদবিজ্ঞান বিভাগের স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থী দীপা দেবনাথ মম্পীকে হত্যার অভিযোগ উঠেছে। এই ‘হত্যাকাণ্ডের’ বিচার দাবিতে গতকাল বৃহস্পতিবার দুপুরে জেলার প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেছেন ওই কলেজের শিক্ষার্থীরা। অভিযোগ রয়েছে, গত বুধবার দুপুরে জেলা সদর হাসপাতালে মম্পীর মরদেহ রেখে পালিয়ে যান তার স্বামী ও স্বজনরা।
গতকাল মানববন্ধনে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের উদ্ভিদবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা অংশ নেন। তারা মম্পীর হত্যায় স্বামী ও শাশুড়ি জড়িত অভিযোগ করে তাদের বিচার দাবি করেন।
জানা গেছে, চলতি বছরের ফেব্রুয়ারি মাসে ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের পূর্ব পাইকপাড়ার ধোপাবাড়ি এলাকার মৃত অমল চন্দ্র রায়ের ছেলে অপূর্ব রায়ের সঙ্গে কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার বাঙ্গালপাড়া ইউনিয়নের উসমানপুর গ্রামের চিকিৎসক পরিতোষ দেবনাথের মেয়ে দীপা দেবনাথ মম্পীর বিয়ে হয়। অপূর্ব হোলসিম সিমেন্টের ব্রাহ্মণবাড়িয়া জেলার সুপারভাইজার হিসেবে কর্মরত।