মির্জা ফখরুল বললেন

খোকার মতো মুক্তিযোদ্ধাকে দেশে ঢুকতে দেওয়া হয়নি

সাদেক হোসেন খোকার মতো একজন অকুতোভয় বীর মুক্তিযোদ্ধাকে জীবদ্দশায় সরকার দেশে ঢুকতে দেয়নি বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ‘সরকার সকাল-বিকেল মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে। অথচ সাদেক হোসেন খোকাকে ঢুকতে দেওয়া হয়নি। এটা জাতির জন্য লজ্জার। এ রকম ঘটনার যেন আর পুনরাবৃত্তি না ঘটে।’ গতকাল বৃহস্পতিবার সকালে রাজধানীর

শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা, প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ অভিযোগ করেন।

এর আগে ‘বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে মির্জা ফখরুল বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নিয়ে জিয়ার কবরে শ্রদ্ধা জানান। এর আগে সকালে ঢাকায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়সহ সারা দেশের দলীয় কার্যালয়ে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এ ছাড়া দিবসটি উপলক্ষে আজ শুক্রবার রাজধানীর মহানগর নাট্যমঞ্চে আলোচনা সভা করবে বিএনপি।

মির্জা ফখরুল বলেন, ‘খোকা কয়েকবার জনপ্রতিনিধি নির্বাচিত হয়েছেন। সারা জীবন মানুষের সেবা করে গেছেন। তার বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছিল। চিকিৎসার জন্য তিনি বিদেশে ছিলেন। খোকার মরদেহ দেশে এসেছে, আমরা তার আত্মার মাগফিরাত কামনা করছি।’

৭ নভেম্বরের চেতনায় জনগণের ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে খালেদা জিয়াকে মুক্ত করা হবে বলেও ঘোষণা দেন মির্জা ফখরুল। তিনি বলেন, ‘৭ নভেম্বর প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে সিপাহি-জনতা বিপ্লবের মধ্য দিয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব অর্পণ করে। বিএনপি সবসময়েই এই দিনটিকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে।’

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ড. আবদুল মঈন খান, ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, অ্যাডভোকেট আহমেদ আযম খান, বিএনপি নেতা মোস্তাফিজুর রহমান বাবুল, জিয়াউর রহমান ফাউন্ডেশনের অধ্যাপক ড. মোর্শেদ হাসান খানসহ ঢাকা মহানগর বিএনপি ও বিভিন্ন অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা।