জমিসংক্রান্ত বিরোধের জের ধরে গতকাল শুক্রবার দুপুরে মুন্সীগঞ্জের সিরাজদিখানে প্রতিপক্ষের লাঠিপেটায় মীর আলী (৫৫) নামে এক ব্যক্তি মারা গেছেন। এ সময় নারীসহ দুজন আহত হন। দুপুর ১টার দিকে উপজেলার বালুরচর ইউনিয়নের পূর্ব চান্দেরচর গ্রামে এ ঘটনা ঘটে। মারা যাওয়া মীর আলীর ভাই মো. আজিজ ও বোন শাহিদা বেগমকে আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, পূর্ব চান্দেরচর গ্রামের মৃত সুরুজ আলীর ছেলে কামিজুদ্দিন কামু ও একই গ্রামের মৃত ওসমান মোল্লার ছেলে মীর আলীর মধ্যে জমি নিয়ে বিরোধ চলে আসছে। গতকাল শুক্রবার দুপুরে বিরোধপূর্ণ জমি নিয়ে উভয় পক্ষের মধ্যে ঝগড়া বাধে। একপর্যায়ে কামিজুদ্দিন কামুর লোকজন লাঠিসোঁটা নিয়ে মীর আলী, তার ভাই আজিজ ও বোন শাহিদাকে পেটায়। গুরুতর আহত অবস্থায় তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত ডাক্তার মীর আলীকে মৃত ঘোষণা করেন। আহত আজিজ ও শাহিদাকে সেখানে ভর্তি করা হয়। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা বদিউজ্জামান জানান, স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার আগেই মীর আলী মারা গেছেন। আহত দুজনকে ভর্তি রাখা হয়েছে।
সিরাজদিখান থানার ওসি মো. ফরিদউদ্দিন জানান, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। মীর আলীর মরদেহ ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এখন পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি।