পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি ও ঘাট সংকট না থাকলেও গতকাল শুক্রবার বন্ধের দিন থাকায় যানবাহনের বাড়তি চাপে পাটুরিয়া ঘাটে পার হওয়ার অপক্ষায় যানবাহনের দীর্ঘ সারির সৃষ্টি হয়েছে। এ সময় ঘাট এলাকায় তিন শতাধিক পণ্যবাহী ট্রাকসহ চার শতাধিক যানবাহন পারের অপেক্ষায় রয়েছে।
বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের ভারপ্রাপ্ত জিএম মো. জিল্লুর রহমান বলেন, ফেরি ও নৌপথে কোনো সমস্যা না থাকলেও শুক্রবার বন্ধের দিন ও রবিবার সরকারি ছুটি থাকায় যানবাহনের বাড়তি চাপ পড়েছে। এ কারণে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে গাড়ির চাপ বৃদ্ধি পেয়েছে। তবে অগ্রাধিকার ভিত্তিতে যাত্রীবাহী বাস ও ছোট গাড়িগুলো আগে পার করা হচ্ছে। এ নৌরুটে ছোট-বড় ১৭টি ফেরি চলাচল করছে।
তবে যানবাহন চালকরা বলছেন ভিন্ন কথা। শুক্রবার বন্ধের দিন থাকলেও বিআইডব্লিউটিসি আরও কৃত্রিম যানজট সৃষ্টি করে। বিশেষ করে ট্রাকচালকদের জিম্মি করে বাড়তি টাকা আদায়ের মাধ্যমে ফেরি পারাপার করছে।
ট্রাকচালক জসিম বলেন, ‘আমি যাব খুলনা, বৃহস্পতিবার সন্ধ্যায় আসছি। প্রায় ১৭/১৮ ঘণ্টা হয়ে গেল ফেরির দেখা পেলাম না। কিন্তু অতিরিক্ত ৭-৮ শ টাকা বাড়তি দিলেই ফেরিতে পারাপার হচ্ছে।’
মো. জিল্লুর রহমান অভিযোগ অস্বীকার করে বলেন, ‘তারা এমন মিথ্যা অভিযোগ করছেন।’