তুমুল বৃষ্টিতেও সহস্র মানুষের পদচারণায় উচ্ছল ছিল ঢাকা লিট ফেস্টের দ্বিতীয় দিন। এদিন নানা আয়োজনের মধ্যে শশী থারুরের কণ্ঠে বিশ্ব অঙ্গনে নানা ঘটনায় বঙ্গবন্ধুর অবদানের গল্প সবার নজর কেড়েছে। আর দিন শেষে আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে ‘শেখ হাসিনা: অ্যা ডটার্স টেল’ দেখার জন্য ছিল উপচে পড়া ভিড়।
শুক্রবার লিট ফেস্টের দ্বিতীয় দিনের শুরু হয় আধ্যাত্মিক পরিবেশনার মধ্য দিয়ে। সকালের সেশনে কসমিক টেন্ট ও নজরুল মঞ্চ জুড়ে ছিল শিশুদের কলতান। কসমিক টেন্টে বিজ্ঞান বাক্সের রাতুল খানের সাথে শিশুরা মেতেছিল বিজ্ঞান নিয়ে মজার সব খেলায়। শিশুদের সঙ্গে উপস্থিত ছিলেন ব্রিটিশ চিত্রকর, অ্যানিমেটর এবং লেখক ক্রুটিস জবলিং।
কসমিক টেন্টে ‘হিরোজ কামস ফ্রম এভরিহোয়ার’ শীর্ষক আলোচনায় রুমানা হাবিবের সঙ্গে উপস্থিত ছিলেন জনপ্রিয় বাংলা কমিক কার্টুনিস্ট ও কমিক লেখক রাঙামাটির সব্যসাচী চাকমা ও অ্যানিমেশন ডিজাইনার সামির আসরান রহমান।
লিট ফেস্টের দ্বিতীয় দিনের সেশন ‘নো ওয়ার্ল্ড ফর উইমেন’ বাংলা একাডেমির লনে অনুষ্ঠিত হয়। প্যানেলিস্ট হিসেবে ছিলেন ভারতীয় পুরস্কারজয়ী লেখিকা ও সাংবাদিক প্রিয়াঙ্কা দুবে, জাতিসংঘ বাংলাদেশের আঞ্চলিক সমন্বয়কারী মিয়া সেপ্পো, বাংলাদেশের নারীবাদী লেখক, মানবাধিকার কর্মী, উন্নয়নকর্মী ও নারীপক্ষের সদস্য মাহীন সুলতান। সঞ্চালক ছিলেন সমাজকর্মী তাশফি হোসেইন। সেশনের শুরুতেই প্রিয়াঙ্কা দুবে তার বই সম্পর্কে বলেন, নারীদের কোনও দেশ নেই, তারা সব সমাজেই অত্যাচার ও নিগ্রহের শিকার হন।
জাতিসংঘে নিজের কাজের অভিজ্ঞতা থেকে মিয়া সেপ্পো বলেন, জাতিসংঘে কাজ করার সুবিধার্থে আমি বিভিন্ন দেশে লিঙ্গবৈষম্য নিয়ে কাজ করেছি। বাংলাদেশে কাজ করতে গিয়ে প্রতিনিয়তই আমি কয়েকটি শব্দ বারবার করে শুনেছি। সেগুলো হলো শারীরিক নিপীড়ন, ধর্ষণ। কিন্তু আমি লক্ষ করেছি এদেশে ফোকাস পরিবর্তন হয়ে নির্যাতনকারীর দিক থেকে নির্যাতিতের দিকে চলে যায়। যেখানে শাস্তি হওয়া উচিত নির্যাতনকারীর, যেখানে শেমিংয়ের শিকার হতে হয় ভুক্তভোগীকেই। এটা খুবই লজ্জা দেয় আমাকে।
বাংলা একাডেমির লনে অনুষ্ঠিত কবিতা আবৃত্তির অনুষ্ঠানে ছিলেন কবি কামাল চৌধুরী, কবি ও লেখক কাইসার হক, ভারতীয় কবি তিশানি দোশি এবং পাকিস্তানি কবি, মোটিভেশনাল স্পিকার ও হিপহপ আর্টিস্ট জোহাব জি খান।
অনুষ্ঠানের শুরুতেই জোহাব জি খান তার ‘ইমাজিন’ কবিতাটি আবৃত্তি করে শোনান। জোহাব বিশ্বজুড়ে ২০টিরও বেশি দেশে কবিতা কর্মশালা পরিচালনা করেছেন। তিনি তার হিপহপ পরিবেশনা দিয়ে দর্শকদের মাতিয়ে রাখেন।
দুপুরে আব্দুল করিম সাহিত্য বিশারদ অডিটোরিয়ামে ‘সমাজ ও সত্তা: দ্বান্দ্বিক বিরোধ’ শীর্ষক এক আলোচনা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন কথাসাহিত্যিক হরিশংকর জলদাস, শাহীন আক্তার, আনিসুল হক এবং মাসরুর আরেফিন।