দুই বাংলার জনপ্রিয় সাহিত্যিক সমরেশ মজুমদারের জন্মদিন। ১৯৪৪ সালে এই দিনে পশ্চিমবঙ্গের ডুয়ার্সের গয়েরকাটায় জন্মগ্রহণ করেন তিনি। সেখানকার চা বাগানেই তার শৈশব কেটেছে।
কলকাতার স্কটিশ চার্চ কলেজ থেকে বাংলা সাহিত্যে স্নাতক ডিগ্রি অর্জন করেন এই কথাসাহিত্যিক। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকেএকই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। কর্মজীবনে তিনি আনন্দবাজার পত্রিকার সঙ্গে যুক্ত ছিলেন। গ্রুপ থিয়েটারের প্রতি তার প্রচণ্ড আসক্তি ছিল। তার প্রথম গল্প ‘অন্যমাত্রা’ লেখাই হয়েছিল মঞ্চনাটক হিসেবে আর সেখান থেকেই তার লেখক জীবনের শুরু। তার লেখা অন্যমাত্রা ছাপা হয়েছিল দেশ পত্রিকায় ১৯৬৭ সালে।
সমরেশ মজুমদারের প্রথম উপন্যাস ‘দৌড়’ প্রকাশ হয়েছিল ১৯৭৫ সালে। সমরেশ মজুমদারের উল্লেখযোগ্য উপন্যাসগুলোর মধ্যে সাতকাহন, তেরো পার্বণ, স্বপ্নের বাজার, উজান, গঙ্গা, ভিক্টোরিয়ার বাগান, আট কুঠুরি নয় দরজা, অনুরাগ ইত্যাদি উল্লেখযোগ্য। তার ট্রিলজি ‘উত্তরাধিকার, কালবেলা, কালপুরুষ’। তার সৃষ্ট গোয়েন্দা অর্জুন পাঠক মহলে জনপ্রিয়।
অনেক অসাধারণ লেখনীর শব্দের এই রূপকার জাতীয় এবং আন্তর্জাতিক অনেক পুরস্কার অর্জন করেছেন। ১৯৮২ সালে আনন্দ পুরস্কার, ১৯৮৪ সালে সাহিত্য একাডেমি, বঙ্কিম ও আইয়াইএমএস পুরস্কার লাভ করেন। চিত্রনাট্য লেখক হিসেবে বিএফজেএ, দিশারি ও চলচ্চিত্র প্রসার সমিতির অ্যাওয়ার্ড পেয়েছিলেন তিনি।
২০২৩ সালের ৮ মে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৭৯ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই বিশিষ্ট কথাসাহিত্যিক। সিওপিডি সংক্রান্ত শ্বাসকষ্টজনিত জটিলতার কারণে তিনি মারা যান।
