ফেইসবুকে ১০০ অ্যাপ ডেভেলপারের অনুপ্রবেশ

ফেইসবুক ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্যে অবৈধ ও অযথাযথ উপায়ে প্রবেশাধিকার পেয়েছিল শতাধিক অ্যাপ ডেভেলপার, জানিয়েছে ফেইসবুক। তৃতীয় পক্ষীয় এসব ডেভেলপারের কাছে ৬০ দিন পর্যন্ত এই তথ্যভাণ্ডার উন্মুক্ত ছিল। তবে এ থেকে বড় কোনো অঘটনের প্রমাণ মেলেনি। বিষয়টি নজরে আসার পর ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করেছে ফেইসবুক। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে এক ব্লগ পোস্টে এসব তথ্য জানানো হয়েছে।

গত বছর ক্যামব্রিজ অ্যানালিটিকা কেলেঙ্কারির পর ব্যবহারকারীদের তথ্যভাণ্ডারের নিরাপত্তা নিয়ে কড়াকড়ি আরোপ করে ফেইসবুক। ওই সময় তৃতীয় পক্ষের অ্যাপ ডেভেলপাররা সরাসরি ব্যবহারকারীদের অ্যাকাউন্টে প্রবেশ করতে পারত। এসব ডেভেলপারের কাছ থেকেই তথ্য পেয়েছিল ক্যামব্রিজ অ্যানালিটিকা।

পরবর্তী সময়ে নিরাপত্তা জোরদারে এ নীতিতে পরিবর্তন আনে ফেইসবুক। বন্ধ হয়ে যায় ব্যবহারকারীদের অ্যাকাউন্টে সরাসরি প্রবেশাধিকারের সুযোগ। তবে কিছু অ্যাপ ডেভেলপার বিভিন্ন ফেইসবুক গ্রুপের মাধ্যমে গ্রুপ সদস্যদের অ্যাকাউন্টে প্রবেশের সুযোগ পেয়েছে। তাদের কাছে ব্যবহারকারীদের আইডি, প্রোফাইল পিকচার, আইডি লিংক ও গ্রুপ অ্যাক্টিভিটির তথ্য উন্মুক্ত ছিল। এসব ঘটনাকেই অযথাযথ উপায়ে ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্যে প্রবেশাধিকার হিসেবে চিহ্নিত করেছে ফেইসবুক।

ফেইসবুক জানিয়েছে, একাধিক ফেইসবুক গ্রুপের মাধ্যমে শতাধিক অ্যাপ ডেভেলপারের কাছে ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য উন্মুক্ত ছিল। অন্তত ১১টি অ্যাপ ডেভেলপার জানিয়েছে, তারা সর্বোচ্চ ৬০ দিন পর্যন্ত এসব তথ্যে প্রবেশাধিকার পেয়েছে। তবে এসব তথ্য ভিন্ন খাতে ব্যবহারের কোনো প্রমাণ পায়নি ফেইসবুক। বিষয়টি নজরে আসার পরপরই ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্যের নিরাপত্তাব্যবস্থা আগের তুলনায় জোরদার করা হয়েছে।