বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকারে যারা আছেন তারা ৭ নভেম্বর স্বীকার করে না। কারণ তারা তো দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বেই বিশ্বাস করে না। গতকাল শুক্রবার মহানগর নাট্যমঞ্চে ‘৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে বিএনপি উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় এ কথা বলেন তিনি।
এর আগে গত বৃহস্পতিবার এ উপলক্ষে দলের প্রতিষ্ঠাতা ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা জানান বিএনপির নেতাকর্মীরা। সভায় মির্জা ফখরুল বলেন, ‘সরকারকে বিএনপি একটা কথা স্পষ্ট করে বলতে চায়, চুনোপুঁটি ধরে আর ক্যাসিনো গল্প সাজিয়ে মূল দুর্নীতি থেকে জনগণের দৃষ্টিকে আড়াল করতে পারবেন না।’
তিনি বলেন, ‘ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা লুট করেছেন, এর হিসাব কোথায়? শেয়ারবাজার থেকে হাজার হাজার টাকা লুট করে নিয়েছেন, তার হিসাব কোথায়? তার হিসাব থাকবে না এ কারণেই যে, তারা কেউ আপনাদের মন্ত্রী, কেউ আপনাদের উপদেষ্টা, আবার কেউ আপনাদের আপনজন।’
বিএনপি মহাসচিব বলেন, ‘ক্ষমতাসীন আওয়ামী লীগের সরকার একটি একনায়কতান্ত্রিক সরকার। এ সরকার একটি ফ্যাসিস্ট সরকার। এর থেকে মুক্তি পেতে হবেই। এজন্য কারাবন্দি চেয়ারপারসন খালেদা জিয়াকে মুক্ত করতে হবে। তার নেতৃত্বে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে। কোনো ফ্যাসিস্ট শক্তিকে এককভাবে পরাজিত করা যায় না। এজন্য সব দেশপ্রেমিক শক্তিকে ঐক্যবদ্ধ করতে হয়।’
মির্জা ফখরুলের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে আরও বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, গয়েশ্বর চন্দ্র রায়, বেগম সেলিমা রহমান, ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী, আহমদ আজম খান, শামসুজ্জামান দুদু, যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি হাবিব-উন-নবী খান সোহেল, প্রচার সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানী, সহসাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ, যুবদলের সভাপতি সাইফুল আলম নীরব, সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু প্রমুখ।