নোবিপ্রবিতে দু’গ্রুপের সংঘর্ষ

ছাত্রলীগের ৩৭ কর্মীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ভাষাশহীদ আবদুস সালাম হলে ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষের ঘটনায় সংগঠনটির ৩৭ কর্মীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। গতকাল শনিবার বিশ্ববিদ্যালয় রিজেন্ট বোর্ডের বৈঠকে এ সিদ্ধান্ত হয়।

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানায়, ৩৭ জনকে জরিমানা ও বিভিন্নভাবে শাস্তির সিদ্ধান্ত হয়েছে। এর মধ্যে ১৬ জনকে ছয় মাসের জন্য বহিষ্কার এবং বাকিদের জরিমানা করা হয়। বিস্তারিত আজ সোমবার বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।

গত ৩১ আগস্ট রাতে ধূমপানকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি সফিকুল ইসলাম রবিন ও সাধারণ সম্পাদক এস এম ধ্রুব গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। এ নিয়ে পরদিনও সংঘর্ষে জড়ায় দু’গ্রুপ। এতে আবদুল মালেক উকিল হলের প্রভোস্টসহ ১০ জন আহত হন।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর বলেন, ‘বিভিন্ন তথ্য-উপাত্ত ও প্রমাণের ভিত্তিতে আজকের রিজেন্ট বোর্ডের বৈঠকে ৩৭ জনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।’ রেজিস্ট্রার অধ্যাপক মো. মমিনুল হক বলেন, ‘সোমবার ৩৭ জনের নাম, বিভাগ, সেশনসহ বিস্তারিত নোটিসে জানিয়ে দেওয়া হবে।’