যশোরের শার্শা উপজেলার উলাশী গ্রামে প্রতারণা মামলার আসামি ধরতে অভিযান চলাকালে ১১টি বোমা ও ধারালো অস্ত্রসহ আশিক হোসেন নামে একজনকে আটক করেছে ডিবি পুলিশ।
শনিবার দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। শুক্রবার রাতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক আশিক উলাশী পূর্বপাড়ার শরিফুল ইসলাম পিপলুর ছেলে।
অতিরিক্ত পুলিশ সুপার তৌহিদুল ইসলাম জানান, প্রতারণা মামলার আসামি উলাশী গ্রামের তরিকুল ইসলাম মিলন মেম্বারকে আটক করতে তার বাড়িতে অভিযান চালানো হয়। অভিযানকালে ওই বাড়ির দ্বিতীয়তলার একটি কক্ষ থেকে তরিকুলের ভাইপো আশিক পুলিশকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপের চেষ্টা করে।
তিনি জানান, এ সময় পুলিশ সদস্যরা আশিককে আটক করে। তার ঘরে তল্লাশি চালিয়ে ৬ টি পেট্রল বোমা, ৫ টি ককটেল, ৪টি রাম দা, ৪টি হকিস্টিক উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আশিক জানিয়েছে জব্দকৃত বোমা ও অস্ত্র তার চাচা মিলন মেম্বারের।
পুলিশ জানায়, এলাকায় ২০ বিঘা জমির একটি পার্ক রয়েছে মিলনের। সেখানে নানাবিধ অসামাজিক কর্মকাণ্ড নিয়ে মিলনের সঙ্গে গ্রামবাসীর দ্বন্দ্ব হয়। সেই দ্বন্দ্বে ব্যবহারের জন্য অস্ত্র ও বোমা মজুত করে রাখা হয়েছে।
এ ঘটনায় শার্শা থানায় অস্ত্র আইনে মামলা করা হয়েছে।