বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, যে স্বপ্ন চোখে নিয়ে জীবন উৎসর্গ করেছিলেন শহীদ নূর হোসেন, তার সে স্বপ্ন আজও পুরোপুরি সফল হয়নি।’ ৯০-এ মুক্ত হওয়া গণতন্ত্র আবার শৃঙ্খলিত হয়েছে ২০১৪ সালের ৫ জানুয়ারি একতরফা নির্বাচনের মধ্য দিয়ে। ১০ নভেম্বর শহীদ নূর হোসেন দিবস উপলক্ষে গতকাল শনিবার গণমাধ্যমে পাঠানো এক বাণীতে এসব কথা বলেন তিনি।
মির্জা ফখরুল বলেন, ‘নূর হোসেনের আত্মদানকে আমরা বৃথা যেতে দিতে পারি না। সব বাধা দূর করে মানুষের নাগরিক স্বাধীনতা নিশ্চিত করতে হবে। নূর হোসেনের মতো সাহসিকতা নিয়ে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।’
বিএনপি মহাসচিব বলেন, “গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসে নূর হোসেন একটি অবিস্মরণীয় নাম। ১৯৮৭ সালের ১০ নভেম্বর স্বৈরাচারবিরোধী আন্দোলনের এক লড়াকু সৈনিক হিসেবে তিনি রাজপথে নেমে এসেছিলেন বুকে-পিঠে ‘গণতন্ত্র মুক্তি পাক, স্বৈরাচার নিপাত যাক’ স্লোগান লিখে। গণতন্ত্রের দাবিতে সোচ্চার এই যুবকের কণ্ঠকে স্তব্ধ করে দিয়েছিল স্বৈরাচারের বন্দুক। স্বৈরাচারের বুলেট বুকে বরণ করে নিয়েছিলেন নূর হোসেন। তার রক্তের ধারা বেয়েই’ ৯০-এর গণঅভু¨ত্থানে স্বৈরশাসকের পতন ঘটে, মুক্ত হয় আমাদের গণতন্ত্র। ”