ঘূর্ণিঝড় বুলবুল এর প্রভাবে বরগুনার তিনটি প্রধান নদীর পানি বিপদ সীমার ২৫ সে. মি. ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এর প্রভাবে প্লাবিত হয়েছে বরগুনার নিম্নাঞ্চল ও বেশ কিছু বেড়িবাঁধ এলাকা।
রোববার বেলা ১২টায় দেশ রূপান্তরকে এ তথ্য নিশ্চিত করেছেন পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) পরিমাপক মো. মাহতাব। নদী তিনটি হলো- বিষখালী, পায়রা ও বলেশ্বর নদ।
বরগুনা পাউবো সূত্র জানায়, রবিবার বেলা ১২টা পর্যন্ত বরগুনায় জোয়ারের মোট উচ্চতা ছিল ৩ দশমিক ১০ সেন্টিমিটার। যা বিপদ সীমার ২৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়েছে।
স্বাভাবিকভাবে ২.৮৫ সেন্টিমিটার পানির উচ্চতা অতিক্রম করলে তা বিপদ সীমার ওপর দিয়ে প্রবাহিত হয় বলেও জানিয়েছে পাউবো কর্তৃপক্ষ।
জানা গেছে, জোয়ারের পানিতে প্লাবিত হওয়ার শঙ্কায় রয়েছে- বরগুনা সদর উপজেলার বদরখালী, গুলিশাখালী, গৌরিচন্না ইউনিয়নের বিষখালী নদীর তীরে অবস্থিত খাজুরতলা আশ্রয়ণ প্রকল্প, ঢলুয়া ইউনিয়নের মাছের খাল, ডালভাঙা, মোল্লার হোড়া, গোলবুনিয়া, বেতাগী উপজেলার, কেওয়াবুনিয়া, দক্ষিণ বেতাগী, ছোট ঝোপখালী, কালিকাবাড়ি, সরিষা মুড়ি, পাথরঘাটা উপজেলার জ্বিনতলা, আমতলী উপজেলার আড়পাঙ্গাশিয়া ইউনিয়নের বালিয়াতলী, চাওড়া ইউনিয়নের ঘটখালী এবং তালতলী উপজেলার তেতুলবাড়িয়া এলাকার নিম্নাঞ্চলের মানুষ।