পার্বতীপুরে বিদ্যুৎ পেল ২৭২ সাঁওতাল পরিবার

দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার প্রত্যন্ত গ্রাম পাঁচপুকুরিয়া। যেখানে বসবাসকারীদের প্রায়  ৮০ ভাগ আদিবাসী সাঁওতাল। তারা ছিলেন বিদ্যুৎ সুবিধা বঞ্চিত। রবিবার বিকেলে সেই গ্রামে দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর পার্বতীপুর জোনাল অফিসের  উদ্যোগে উঠান বৈঠকের  মাধ্যমে গ্রামের ২৭২ বাড়িতে নতুন বিদ্যুৎ সংযোগ প্রদান করা হয়। 

উঠান বৈঠকে সভাপতিত্ব করেন হরিরামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহাবুদ্দিন শাহ। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পার্বতীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান অলহাজ্ব মো. হাফিজুল ইসলাম প্রামাণিক। বৈঠকে বক্তব্য রাখেন আদর্শ কলেজের অধ্যক্ষ আব্দুর রাজ্জাক সরদার, বঙ্গবন্ধু হাইস্কুলের প্রধন শিক্ষক মোক্তারুল আলম, হরিরামপুর ইউনিয়নের চেয়ারম্যান শাহ মাসুদুর রহমান, সাবেক চেয়ারম্যান মোজহারুল ইসলাম সোহাগ, আদিবাসী জয়িতা শান্তি কুজোসহ অন্যরা। 

দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর ডিজিএম মো. মজিবুল হক জানান, ১ কোটি ১৭ লাখ টাকা ব্যয়ে ছয় দশমিক ৭৬ কিলোমিটার বৈদ্যুতিক লাইন নির্মাণ করে পাঁচপুকুরিয়া গ্রামের ২৭২ পরিবারে বিদ্যুৎ সংযোগের মাধ্যমে হরিরামপুর ইউনিয়ন শতভাগ বিদ্যুতায়ন সম্পন্ন হলো। 

তিনি জানান, এখন 'আমার গ্রাম আমার শহর' প্রকল্পের আওতায় গ্রামে শিল্পায়ন করতে বিনামূল্যে ২ পোল পর্যন্ত লাইন নির্মাণসহ ট্রান্সফরমার দিয়ে শিল্প সংযোগ প্রদান করা হবে। 

তিনি নিরাপদ বিদ্যুৎ ব্যবহার করতে প্রয়োজনীয় বিষয়গুলো বৈঠকে অবহিত করেন।