ভৈরবে এক ব্যক্তির ক্ষতবিক্ষত লাশ উদ্ধার

কিশোরগঞ্জের ভৈরবে জামাল মিয়া (৩৫) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার সন্ধ্যায় স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে উপজেলার শিবপুর ইউনিয়নের আলুকান্দা এলাকার একটি কাঠবাগান থেকে তার ক্ষত-বিক্ষত লাশ উদ্ধার করা হয়।

নিহত জামাল উপজেলার শ্রীনগর ইউনিয়নের বাউশমারা গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে। তিনি পেশায় একজন কৃষক এবং দুই ছেলে ও এক মেয়ের বাবা।

লাশ উদ্ধারের কথা স্বীকার করে ভৈরব থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহিন জানান, দুর্বৃত্তরা ছুরিকাঘাতে হত্যা করেছে জামালকে। তারা তার দুই চোখ তুলে এবং পুরুষাঙ্গ কেটে নির্মমভাবে হত্যা করে ওই নির্জন স্থানে লাশ ফেলে যায়। এই ঘটনায় কাউকে এখনো আটক করা যায়নি। পুলিশ অপরাধীদের গ্রেপ্তারে চেষ্টা চালাচ্ছে।

এদিকে নিহতের চাচাতো ভাই ফরহাদ জানান, ভৈরব শহরের কমলপুর গাছতলাঘাট এলাকার এক প্রবাসীর স্ত্রীর সঙ্গে মুঠোফোনে পরিচয় থেকে প্রেম হয় জামালের। প্রায়ই তারা ফোনে কথা বলতেন। গত কয়েক দিন ধরে ফোনে জামালকে শহরে আসতে চাপ দিচ্ছিলেন ওই নারী। শনিবার রাতে ফোনে তার ডাকে সাড়া দিয়ে ভৈরব শহরে আসেন জামাল।

এরপর থেকে নিখোঁজ ছিলেন তিনি। রবিবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধারের খবর পেয়ে থানায় এসে জামালকে মৃত অবস্থায় শনাক্ত করেন তিনি ও জামালের বড় ভাই আবুল মিয়া।