টানা দ্বিতীয় ম্যাচে রোনালদো উঠে গেলেন অর্ধেক ম্যাচ খেলে। আর তার পরিবর্তে নেমে নায়ক হলেন পাওলো দিবালা। সেরি আয় এসি মিলানের বিপক্ষে তার একমাত্র গোলের জয় নিয়ে শীর্ষে ফিরেছে জুভেন্টাস।
জুভেন্টাস বস মাওরিসিও সাররি রবিবার ৫৫ মিনিটের সময় রোনালদোকে উঠিয়ে নেন। দিবালা ৭৭তম মিনিটে গোল করে দলকে ইন্টার মিলানের উপরে নিয়ে যান।
এই জয়ের পর ১২ ম্যাচে জুভেন্টাসের পয়েন্ট ৩২। সমান ম্যাচ খেলা ইন্টারের পয়েন্ট ৩১। এসি মিলান আছে ১৪ নম্বরে।
গত মৌসুমে অধিকাংশ ম্যাচের পুরোটা খেলা ৩৪ বছর বয়সী রোনালদোকে এই মৌসুমে যথাসম্ভব কম খেলাচ্ছেন সাররি।
এসি মিলান এদিন জুভেন্টাসকে ভালোই চ্যালেঞ্জের মুখে ফেলে। তাদের গোলরক্ষক দারুণ কয়েকটি সেভ করে দলকে রক্ষা করেন।
গত বুধবারও চ্যাম্পিয়নস লিগে রোনালদোর পরিবর্তে মাঠে নেমে দলকে জেতান দিবালা।