দিনাজপুরে আ.লীগ নেতা ও ইউপি চেয়ারম্যানের অপসারণ দাবি

দিনাজপুর সদর উপজেলার আস্করপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান জিয়াউর রহমান জিয়ার বিরুদ্ধে মাদক কারবার, চোরাচালান, প্রকল্পের টাকা আত্মসাৎসহ বিভিন্ন দুর্নীতির অভিযোগে তাকে চেয়ারম্যান পদ থেকে অপসারণ ও আইনগত ব্যবস্থা নেওয়ার দাবিতে মানববন্ধন ও সংবাদ সম্মেলন করা হয়েছে।

সোমবার দুপুর ১২টার দিকে দিনাজপুর প্রেস ক্লাবের সামনে এলাকাবাসী এই মানববন্ধন কর্মসূচি পালন করেন। পরে দিনাজপুর প্রেস ক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সদর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও আস্করপুর ইউপির সাবেক চেয়ারম্যান মোশাররফ হোসেন।

উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি খতিব উদ্দীন আহম্মেদ, মুক্তিযোদ্ধা আজগর আলী, শরিফ উদ্দীন, আনোয়ার হোসেন, জোবেদ আলী, সিরাজুল ইসলাম, ইউনুস আলী, মিজানুর রহমান, নজরুল ইসলাম প্রমুখ। সংবাদ সম্মেলন শেষে একটি বিক্ষোভ মিছিল নিয়ে দিনাজপুর জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেওয়া হয়।

তবে আস্করপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াউর রহমান জিয়া বলেন, ‘যেগুলো বলা হয়েছে সবই বানোয়াট ও ভিত্তিহীন। বরং সাবেক চেয়ারম্যানের ছেলেদের বাঁচাতেই এমনটা করা হচ্ছে।’