সোনারগাঁয়ের কাঁচপুরে ২ সন্তানের জননীকে (৩৫) সাহায্য দেওয়ার কথা বলে ধর্ষণ করার অভিযোগ পাওয়া গেছে।
সোমবার উপজেলার কাঁচপুর ইউনিয়নের বেহাকৈর এলাকায় এই ঘটনাটি ঘটে। ঘটনার পর অভিযুক্ত ধর্ষক হান্নানুর রহমান রতন (৫৭) পালিয়ে যায়।
সোনারগাঁ থানার (এসআই) সৈয়দ আজিজুল হক জানান, প্রাথমিকভাবে ধর্ষণের আলামত পাওয়া গেছে। ঘটনার পর অভিযুক্ত ধর্ষক রতন মিয়া এলাকা ছেড়ে পালিয়ে যাওয়ায় তাকে গ্রেপ্তার করা যায়নি।
ধর্ষণের শিকার নারীর বরাত দিয়ে পুলিশ জানায়, বেহাকৈর এলাকার দিন মজুরের স্ত্রী ২ সন্তানের জননী ৪/৫ মাস পূর্বে ব্রেনস্ট্রোক করে অসুস্থ হয়ে পড়ে। তিনি এলাকাবাসীর নিকট থেকে অর্থ সাহায্য নিয়ে চিকিৎসা করে আসছিলেন। ৫/৬ দিন পূর্বে তাকে অর্থ সাহায্য দেওয়ার আশ্বাস দেন একই এলাকার হান্নানুর রহমান রতন। পরে সোমবার সকাল সাড়ে ১০টায় দিকে উপজেলার কাঁচপুর ইউনিয়নের বেহাকৈর এলাকায় রতন মিয়ার ব্যক্তিগত অফিসের ৩য় তলার একটি কক্ষে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে হুমকি ধামকি দিয়ে তাড়িয়ে দেওয়া হয়।
পরে ওই নারী কাঁচপুর ইউনিয়নের চেয়ারম্যান মোশাররফ ওমরকে ধর্ষণের বিষয়ে জানালে তিনি থানা পুলিশকে খবর দেন। প্রাথমিক তদন্তে সোনারগাঁ থানার (এসআই) সৈয়দ আজিজুল হক ঘটনা স্থলে গিয়ে তদন্ত করে ধর্ষণের আলামত পান এবং ধর্ষণের শিকার নারীকে উদ্ধার করে থানায় নিয়ে যান।
এ বিষয়ে সোনারগাঁ থানার (এসআই) সৈয়দ আজিজুল হক জানান, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।