মনন রেজা নীড়- সদ্য শেষ হওয়া ৪৫তম জাতীয় দাবা প্রতিযোগিতার সবচেয়ে আলোচিত নাম। মাত্র ৯ বছর বছর বয়সে এবার জাতীয় দাবায় অংশ গ্রহণের সুযোগ করে নিয়ে রেকর্ড গড়েন এই ‘বিস্ময়বালক’। প্রথমবার অংশ নিয়েই জাতীয় দাবায় দশম স্থান অর্জন করেছেন ক্যান্ডিডেট মাস্টার নীড়।
এই ছোট্ট বয়সে নীড় দেশের শীর্ষ দাবাড়ুদের সঙ্গে লড়েছেন সেয়ানে সেয়ানে। নবম রাউন্ড শেষে তো মিলিত ভাবে চতুর্থ স্থানে ছিলেন নীড়। সুইস-লিগ পদ্ধতির দশ রাউন্ডের আসরে তিন রাউন্ডে নীড় খেলেছেন তিন গ্র্যান্ডমাস্টারের সঙ্গে।
গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমানের মুখোমুখি হয়ে তো ড্র করে সবাইকে তাক লাগিয়ে দেন নীড়। সোমবার প্রতিযোগিতার শেষ দিনে নীড় মুখোমুখি হয়েছিলেন গ্র্যান্ডমাস্টার মিয়াজ মোরশেদের। নিয়াজ এদিন নীড়কে হারিয়েই ষষ্ঠবারের মতো জাতীয় দাবায় শিরোপা জিতেছেন।
তবে সর্বকনিষ্ঠ প্রতিযোগী নীড়কে হারানো যে সহজ ছিল না সেটি স্বীকার করতে ভোলেননি উপমহাদেশের প্রথম গ্র্যান্ডমাস্টার নিয়াজ। জিয়া ও নিয়াজ ছাড়াও নীড় লড়েছেন আরেক গ্র্যান্ডমাস্টার আব্দুল্লাহ আল রাকিবের সঙ্গে।
গত শুক্রবার সপ্তম রাউন্ডে ক্যান্ডিডেট মাস্টার নীড় গ্র্যান্ডমাস্টার জিয়ার সঙ্গে ড্র করেন। এটিই ছিল কোনো গ্র্যান্ডমাস্টারের সঙ্গে তার প্রথম প্রতিযোগিতা। পর দিন অষ্টম রাউন্ডের খেলায় গ্র্যান্ডমাস্টার আব্দুল্লাহ আল রাকিবের মুখোমুখি হন নীড়। মজার ব্যাপার এলিগ্যান্টস চেস একাডেমিতে রাকিব হচ্ছেন নীড়ের গুরু। গুরুর সঙ্গে অবশ্য পেরে ওঠেননি ছোট্ট নীড়।
সোমবার শেষ দিনে নিয়াজের মুখোমুখি হন নীড়। তার আগে নিয়াজ মোরশেদই ছিলেন জাতীয় দাবায় অংশ নেওয়া সর্বকনিষ্ঠ দাবাড়ু। নীড়ের সঙ্গে ড্র করলেও চ্যাম্পিয়ন হওয়ার পথ কঠিন হয়ে যেত নিয়াজের। এই গ্র্যান্ডমাস্টার তাই বলছিলেন, ‘নীড় আমাকে ড্র অফার করেছিল। কিন্তু আমি জানতাম ড্র করলে চ্যাম্পিয়ন হতে পারব না।’
এরপর নীড়ের প্রশংসা ঝড়ে নিয়াজের কণ্ঠে, ‘ও অনেক শক্তিশালী প্রতিপক্ষ। তবে শুরুটায় একটু সমস্যা আছে। সেটা সময়ের সঙ্গে সঙ্গে কেটে যাবে। আমিও খানিকটা নার্ভাস ছিলাম। তারপরও ২২ চালে ম্যাচ শেষ করতে পেরেছি।’
নারায়ণগঞ্জের ছেলে হলেও নীড় জাতীয় দাবায় খেলেছেন চট্টগ্রামের হয়ে। বাছাই পর্বে নারায়ণগঞ্জ কোয়ালিফাই করতে না পারায় নীড়কে চট্টগ্রামের হয়ে খেলার সুযোগ করে দেয় ফেডারেশন। সেখানে ষষ্ঠ হয়ে সুযোগ করে নেন জাতীয় দাবায়।
নিয়াজ এদিন এও বললেন, ‘নীড়কে সুযোগ পেলে ট্রেনিং করাতে চাই।’