সংসদে তথ্যমন্ত্রী

বঙ্গবন্ধু স্যাটেলাইটে সম্প্রচার ৩০ টিভি চ্যানেলের

বাংলাদেশ টেলিভিশনসহ দেশের ৩০টি বেসরকারি টিভি চ্যানেল বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর মাধ্যমে অনুষ্ঠান সম্প্রচার করছে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেছেন, ‘৪৫টি বেসরকারি টেলিভিশন চ্যানেলকে অনুমতি দেওয়া হয়েছে। এর মধ্যে ৩০টি চ্যানেল এখন অনুষ্ঠান সম্প্রচার করছে।’

গতকাল সোমবার সংসদে সরকারি দলের

এমপি আহসানুল ইসলাম টিপুর লিখিত প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী এসব কথা বলেন। তিনি আরও বলেন, ‘দেশের একমাত্র সরকারি মালিকানাধীন বেতার কেন্দ্র হচ্ছে বাংলাদেশ বেতার। ঢাকাসহ সারা দেশে বাংলাদেশ বেতারের ১৫টি আঞ্চলিক কেন্দ্র রয়েছে। বর্তমানে বাংলাদেশ বেতারের প্রচারের পরিধি ও সময় উভয়ই আগের তুলনায় বৃদ্ধি পেয়েছে।’

হাছান মাহমুদ বলেন, ‘বেসরকারি মালিকানাধীন এফএম বেতারকেন্দ্র স্থাপন ও পরিচালনার জন্য ২৮টি প্রতিষ্ঠানকে পরীক্ষামূলক লাইসেন্স দেওয়া হয়েছে। এর মধ্যে ২৩টি বেতার কেন্দ্রের সম্প্রচার কার্যক্রম চলমান। বাকি ৫টির সম্প্রচার কার্যক্রম প্রক্রিয়াধীন।’

তিনি আরও বলেন, ‘কমিউনিটি রেডিও স্থাপন, সম্প্রচার ও পরিচালনার জন্য মোট ৩২টি পরীক্ষামূলক লাইসেন্স দেওয়া হয়েছে। এর মধ্যে ১টি সরকারি এবং ৩১টি এনজিওভিত্তিক। সরকারি কমিউনিটি ‘কৃষি রেডিও’টি কৃষি মন্ত্রণালয়ের অধীনে। এখন ১৮টি কমিউনিটি রেডিও সম্প্রচারে আছে। বাকি ১৩টি সম্প্রচারের অপেক্ষায় রয়েছে।’