অযোধ্যায় মসজিদের জন্য দেওয়া ৫ একর জমি নেওয়া বা না নেওয়া নিয়ে আগামী ২৬ নভেম্বর সিদ্ধান্ত নেবে সুন্নি ওয়াকফ বোর্ড। গত রবিবার বোর্ডের পক্ষ থেকে বিষয়টি জানানো হয় বলে জানিয়েছে এনডিটিভি।
অযোধ্যা মামলা নিয়ে গত শনিবার ভারতের সুপ্রিম কোর্টের রায় মেনে নিলেও প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়াকে অসন্তোষের কথা জানায় সুন্নি ওয়াকফ বোর্ড।
উত্তরপ্রদেশ সুন্নি সেন্ট্রাল ওয়াকফ বোর্ডের সভাপতি জাফর ফারুকী জানান, ওই জমির বিষয়ে নানা ধরনের মতামত পাচ্ছেন তিনি। আগামী ২৬ নভেম্বর বোর্ডের
সাধারণ সভার বৈঠকে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসারে ৫ একর জমি নেওয়া হবে কি না সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার সম্ভাবনা রয়েছে।
তিনি আরও বলেন, ‘কিছু ব্যক্তি এমন পরামর্শ দিচ্ছেন যে, বাবরি মসজিদের জন্য ওই ৫ একর জমি নেওয়া উচিত নয়। তবে আমি মনে করি এই ধরনের ভাবনা আসলে নেতিবাচকতাই বাড়াবে। আবার কিছু মানুষ এমন পরামর্শও দিচ্ছেন যে, ওই জমিটি ওয়াকফ বোর্ডের তরফ থেকে গ্রহণ করা উচিত এবং সেখানে একটি শিক্ষাপ্রতিষ্ঠান গড়া উচিত, যেখানে একটি মসজিদও স্থাপন করা হবে।’
জমি সম্পর্কিত ব্যাপারে কেন্দ্রীয় সরকারকে সুপ্রিম কোর্টের রায় অনুসরণ করতে হবে বলেও জানান জাফর ফারুকী।
সুপ্রিম কোর্টের রায়কে চ্যালেঞ্জ করা হবে কি না এ ব্যাপারে তিনি বলেন, ‘আমরা এই মামলায় সুপ্রিম কোর্টের রায়কে স্বাগত জানাচ্ছি। বোর্ডের তরফ থেকে অন্তত এই রায়কে চ্যালেঞ্জ জানানোর কোনো পরিকল্পনা নেই। বোর্ড গত মাসেই জাতীয় স্বার্থের কথা মনে রেখে কিছু শর্তের বিনিময়ে ওই বিতর্কিত জমি থেকে নিজেদের দাবি প্রত্যাহারের বিষয়ে প্রস্তাব দিয়েছিল।’
যদিও ঐতিহাসিক বাবরি মসজিদের বদলে অন্যত্র মসজিদ নির্মাণের জন্য আদালত যে ৫ একর জমির প্রস্তাব দিয়েছে তা প্রত্যাখ্যান করেছেন মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন নেতা আসাদুদ্দিন ওয়াইসি এমপি। তিনি বলেছেন, দানের জমি মুসলমানদের প্রয়োজন নেই।