ঘূর্ণিঝড় বুলবুলের কারণে সেন্টমার্টিন ভ্রমণে এসে আটকেপড়া পর্যটকরা নিরাপদে ফিরে এসেছেন। গতকাল সোমবার সন্ধ্যা ৬টার দিকে তিনটি জাহাজে
করে টেকনাফ দমদমিয়া জেটিঘাটে এসে পৌঁছান তারা। এর আগে সকাল ১০টার দিকে দমদমিয়া ঘাট থেকে কেয়ারি ক্রুজ অ্যান্ড ডাইন, ফরহান ও আটলান্টিক ক্রুজ নামের জাহাজ তিনটি সেন্টমার্টিনের উদ্দেশে রওনা দেয়।
সেন্টমার্টিন ইউনিয়নের চেয়ারম্যান নূর আহমদ বলেন, তিনটি জাহাজে করে আটকেপড়া ১২শ’র বেশি পর্যটক ফিরে
গেছেন। তাদের এখানে থাকা-খাওয়ার ডিসকাউন্ট দেওয়া হয়েছিল।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্র্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) টেকনাফ অঞ্চলের সমন্বয় কর্মকর্তা আমজাদ হোসেন বলেন, আবহাওয়া অনুকূলে থাকায় টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে পর্যটকবাহী জাহাজসহ সব ধরনের নৌযান চলাচল শুরু হয়েছে। তাই সেন্টমার্টিন দ্বীপে আটকেপড়া পর্যটকদের নিয়ে আসতে সকালে তিনটি জাহাজ পাঠানো হয়।’ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম জানিয়েছেন, পর্যটকদের নিয়ে জাহাজ তিনটি নিরাপদে ফেরত এসেছে।’