ঘূর্ণিঝড় বুলবুলের আঘাতে পল্লীবিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন থাকায় বাগেরহাট পৌরসভায় গত তিন দিন ধরে পানি সরবরাহ বন্ধ রয়েছে। পানি সরবরাহ না থাকায় বাগেরহাট পৌরসভার লক্ষাধিক মানুষ ভোগান্তিতে পড়েছে। সবচেয়ে বেশি সমস্যা হচ্ছে গৃহস্থালির কাজে।
গতকাল মঙ্গলবার পৌরসভা কর্তৃপক্ষ তাদের সমস্যার কথা উল্লেখ করে শহরে মাইকিং করেছে। আজ বুধবার বিদ্যুৎ সংযোগ চালু হলে পানি সরবরাহ আবার স্বাভাবিক হবে বলে জানিয়েছে পৌর কর্তৃপক্ষ। বাগেরহাট সদর উপজেলার ষাটগম্বুজ ইউনিয়নের পূর্ব সায়েড়া গ্রামের বিদ্যুৎচালিত পানির পাম্প থেকে পৌর এলাকায় পানি সরবরাহ করে আসছে পৌর কর্তৃপক্ষ। ঘূর্ণিঝড় বুলবুলের আঘাতে গাছ পড়ে পল্লীবিদ্যুতের তার ছিঁড়ে ওই পাম্পের সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় গত তিন দিন ধরে পানি সরবরাহ বন্ধ রয়েছে।
বাগেরহাট শহরের বাসাবাটি এলাকার বাসিন্দা জয়দেব সাহা বলেন, ‘ঝড়ের দিন সকাল থেকে পানি সরবরাহ বন্ধ থাকায় দারুণ সমস্যায় আছি আমরা। পৌরসভার পানি দিয়ে রান্না, খাওয়া সব কাজ চলে। পানি না থাকায় গৃহস্থালির সব কাজে বিঘ্ন ঘটছে। পানি কিনে খেতে হচ্ছে। এ সমস্যা কদিন পোহাতে হবে বুঝতে পারছি না।’
বাগেরহাট পৌরসভার মেয়র খান হাবিবুর রহমান বলেন, ‘ঘূর্ণিঝড়ে পল্লীবিদ্যুতের তার ছিঁড়ে সংযোগ বিচ্ছিন্ন হয়ে আছে। তাই আমরা পৌরসভার গ্রাহকদের পানি সরবরাহ করতে পারছি না। বিদ্যুৎ সংযোগ চালুর জন্য পল্লীবিদ্যুৎ কর্তৃপক্ষ কাজ করছে।’