বাল্যবিয়ে বন্ধ করে দায়িত্ব নিলেন এমপিকন্যা

সদর উপজেলার বিজয়নগর উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী সীমু আক্তার (১৪)। সম্প্রতি তার বিয়ের আয়োজন করেন হতদরিদ্র বাবা রিকশাচালক হানিফ মিয়া। এতে বাধ সাধে সীমুর সহপাঠীরা। বিভিন্ন মাধ্যমে প্রশাসনের দৃষ্টি আকর্ষণসহ সমাজপতিদের বিয়ে বন্ধে ব্যবস্থা নেওয়ার আকুতি জানায় তারা। বিষয়টি নজরে আসে লক্ষ্মীপুর-২ আসনের সাংসদ কাজী শহিদুল ইসলাম পাপুল ও সংরক্ষিত আসনের সাংসদ কাজী সেলিনা ইসলামের মেয়ে কাজী ওয়াফা ইসলামের। পরে তিনি বাল্যবিয়ে বন্ধসহ সীমুর এসএসসি পর্যন্ত সব খরচ বহনের দায়িত্ব নেন।

গতকাল মঙ্গলবার সকালে কথা হয় সীমুর সঙ্গে। সে বলে, ‘ছোট বেলায় মা মারা যাওয়ার পর খুব কষ্টে পড়ালেখার খরচ চালিয়েছি। পড়ালেখা করে অনেক বড় হতে চাই। তারপর বাবা যেখানেই বিয়ে দিক মেনে নেব।’ সীমুর বাবা হানিফ বলেন, ‘যিনি মেয়ের পড়ালেখাসহ যাবতীয় খরচের দায়িত্ব নিয়েছেন, তার জন্য আল্লাহর কাছে হাত তুলে দোয়া করি।’ সমাজকর্মী সানজানা বলেন, ‘সীমুকে চেয়ার-টেবিলসহ এক বছরের সব শিক্ষা উপকরণ কিনে দিয়েছি। মিটিয়ে দেওয়া হয়েছে স্কুলের সব খরচ।’ কাজী ওয়াফা ইসলাম বলেন, ‘বাল্যবিয়েসহ উপজেলার বিভিন্ন অসংগতি দূর করতে সবার সহযোগিতা চাই।’