অপারেশন সুন্দরবন: র‌্যাব চরিত্রে অভিনেতা খুঁজছেন নির্মাতা

বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বনে র‌্যাবের অভিযান নিয়ে নির্মিত হতে যাচ্ছে ‘অপারেশন সুন্দরবন’। দীপংকর দীপনের পরিচালনায় দেশের একাধিক নামী তারকা অভিনয় করছেন এই সিনেমায়।

এই নির্মাতা বুধবার ফেইসবুক পোস্টে জানান, সিনেমাটির জন্য বেশ কয়েকজন অভিনেতা খুঁজছেন। যাদের র‌্যাব চরিত্রে দেখা যাবে।

‘ঢাকা অ্যাটাক’ নির্মাতা লেখেন, “অপারেশন সুন্দরবনে র‌্যাবের বিভিন্ন চরিত্রে যেসব অভিনয়শিল্পী অভিনয় করতে চান ইনবক্সে যোগাযোগ করুন। বয়স ৩০ থেকে ৪০ এর মধ্যে হতে হবে। পুরুষ। খুব দ্রুত কাস্টিং লক হয়ে যাবে। দেরি করবেন না।”

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৮ সালের ১ নভেম্বর ‘সুন্দরবন জলদস্যু মুক্ত দিবস’ ঘোষণা করেন। সেই জলদস্যু মুক্ত করার দুঃসাহসিক গল্প নিয়েই হচ্ছে ‘অপারেশন সুন্দরবন’। চলতি বছর এই দিবসে অনুষ্ঠিত হয় ছবিটির লোগো উন্মোচন ও তারকাদের পরিচয় পর্ব।

২০২০ সালের ঈদুল আজহায় মুক্তি প্রতীক্ষিত ‘অপারেশন সুন্দরবন’-এ অভিনয় করছেন রিয়াজ, সিয়াম আহমেদ, নুসরাত ফারিয়া, জিয়াউল রোশান, তাসকিন রহমান, মনোজ প্রামানিক, সামিনা বাশার, দীপু ইমাম, এহসানুর রহমানসহ অনেকে।

‘অপারেশন সুন্দরবন’যৌথভাবে প্রযোজনা করছে র‌্যাব ওয়েলফেয়ার কো অপারেটিভ সোসাইটি ও থ্রি হুইলারস লিমিটেড।