উৎসবের মাঝেই অঝোরে কাঁদলেন ইন্দ্রাণী হালদার

আপডেট : ২৮ আগস্ট ২০২৬, ০৯:২৬ পিএম

আজ ২৮ আগস্ট রাখি বন্ধন, ভাই-বোনের ভালবাসা উদযাপনের দিন৷ ঘরে ঘরে রাখিপূর্ণিমার দিন আনন্দ উৎসব হয়৷ কিন্তু ইন্দ্রাণী হালদারের কাছে রাখি আনন্দ নয় বেদনার দিন৷ অভিনেত্রী বলেন, ‘রাখির দিনটা আমার সবসময় শুরু হয় চোখের জল দিয়ে৷ রাখির দু'-তিন দিন আগে থেকেই মনখারাপ থাকে৷ আমার একমাত্র ভাই ইন্দ্রনীল হালদারকে হারিয়েছি।’ অভিনেত্রীর কথায়, রাখির সঙ্গে জড়িয়ে রয়েছে ভাইয়ের সঙ্গে কাটানো একাধিক স্মৃতি৷ তাই উৎসবের দিন যতই আনন্দের পরিবেশ তৈরি হোক, ভাইকে হারানোর শূন্যতা এই দিনটিতে আরও বেশি করে মনে পড়ে তার৷ প্রিয়জনকে হারানোর সেই কষ্ট আজও যে একই রকম রয়েছে, অভিনেত্রীর কথাতেই তা স্পষ্ট৷

অভিনেত্রী বলেন, দিদির কাছে রাখি পরার জন্য ভাই অধীর আগ্রহে অপেক্ষা করতেন৷ ২০১৯ সালে ইন্দ্রাণী হালদারের ভাই মারা যান। অভিনেত্রীর কথায়, সেই বছরও ভাই ফোন করে জিজ্ঞেস করেছিলেন, ‘দিদি তুই আমাকে রাখি পরাবি না? তোর তো শুটিং আছে।’ সেই সময় শ্রীময়ীর শুটিং নিয়ে বেজায় ব্যস্ত ইন্দ্রাণী হালদার। কিন্তু ব্যস্ততার মাঝেও ভাইয়ের জন্য সময় বার করেছিলেন কারণ অভিনেত্রী বলেন, ‘রাখি পরিয়ে আমি তারপরেই শুটিংয়ে যাব জানিয়েছিলাম ভাইকে। কারণ আমার মনে হয়েছিল সেটাই আমার শেষ রাখি পরানো ভাইকে। ওর শরীর যেভাবে ভেঙে গিয়েছিল, আমার কথা শোনেনি, ভাই এরকম করিস না, আমার থেকে তিনবছরের ছোট, আমার একমাত্র ভাই...’ বলতে বলতেই অঝোরে কেঁদে ফেললেন ইন্দ্রাণী হালদার।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত