আমরা কী চাই? আমরা চাই উন্নয়ন। আর সেই উন্নয়নের জন্যই একে অপরের সঙ্গে কানেক্টিভিটি প্রয়োজন জানিয়ে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার রীভা গাঙ্গুলি দাশ বলেন, ‘ইন্দো প্যাসিফিক
অঞ্চলে কানেক্টিভিটির জন্য প্রয়োজন পার্টনারশিপ। সবার সহযোগিতার মধ্য দিয়ে এই পার্টনারশিপকে এগিয়ে নিতে হবে।’
গতকাল বুধবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ঢাকা গ্লোবাল ডায়ালগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এসব কথা বলেন। রীভা গাঙ্গুলি দাশ বলেন, ঢাকা গ্লোবাল ডায়ালগের মধ্য দিয়ে ইন্দো প্যাসিফিক অঞ্চলে বাংলাদেশের যে গুরুত্ব, সেটা সবাই জানতে পেরেছে। এটা একটা খুবই ইতিবাচক উদ্যোগ।
এক প্রশ্নের জবাবে ভারতীয় হাইকমিশনার বলেন, ‘সব কিছু ফ্রেমওয়ার্কের মাধ্যমে হয় না। ইন্দো প্যাসিফিক নিয়ে আমাদের নিজস্ব কনসেপ্ট আছে, চীনের নিজস্ব কনসেপ্ট আছে, আসিয়ানের নিজস্ব কনসেপ্ট আছে। এর মধ্য দিয়েই আমাদের একে অপরের সহযোগিতা বাড়াতে হবে। সামনের দিকে এগিয়ে যেতে হবে।’ উল্লেখ্য, গত সোমবার ঢাকা গ্লোবাল ডায়ালগের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএস) ও ভারতের অবজার্ভার রিসার্চ ফাউন্ডেশন (ওআরএফ) যৌথভাবে এই ডায়ালগের আয়োজন করে।