দেশে কৃষি যন্ত্রপাতিসহ অন্যান্য হালকা যন্ত্রপাতি উৎপাদনে প্রণোদনা দেওয়া হবে বলে জানিয়েছেন শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার। গতকাল রাজধানীর ওয়ারীতে বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্রের (বিটাক) মাধ্যমে লাইট ইঞ্জিনিয়ারিং খাতে সহায়তা প্রদানবিষয়ক সেমিনারে এ কথা জানান তিনি।
বিটাক আয়োজিত সেমিনারে উপস্থিত ছিলেন শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সালাহউদ্দিন মাহমুদ, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) আইএটি বিভাগের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ আরিফ হাসান মামুন ও বাংলাদেশ ইঞ্জিনিয়ারিং শিল্প মালিক সমিতির সভাপতি মো. আবদুর রাজ্জাক।
বিটাকের মহাপরিচালক ড. মো. মফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিটাকের টুল অ্যান্ড টেকনোলজি ইনস্টিটিউটের প্রকল্প পরিচালক ড. সৈয়দ মো. ইহসানুল করিম।
কামাল আহমেদ মজুমদার বলেন, হালকা প্রকৌশল শিল্প খাতের স্বার্থে বিভিন্ন জায়গায় ছড়িয়ে-ছিটিয়ে থাকা এ ধরনের শিল্পপ্রতিষ্ঠানগুলোকে এক জায়গায় স্থানান্তরিত করা হবে। এতে তাদের বিভিন্ন সেবাদান সহজ ও দ্রুত হবে। মন্ত্রণালয়ের অধীন সব শিল্পনগরী ও পার্কে পরিষেবা ও অবকাঠামো সংক্রান্ত সব কাজ শতভাগ সম্পন্ন করার পর প্লট বরাদ্দের নির্দেশ দিয়ে তিনি বলেন, মন্ত্রণালয়ে যেকোনো ডেস্কে ৩০ মিনিট এবং মাঠপর্যায়ে সাত দিনের মধ্যে ফাইল নিষ্পত্তি করতে হবে।