ডিসেম্বরে পাকিস্তানে দুটি টেস্ট খেলবে শ্রীলঙ্কা

অপেক্ষার পালা শেষ হতে যাচ্ছে পাকিস্তানের। এক দশকের বেশি সময় পর টেস্ট ক্রিকেট ফিরছে দেশটির মাটিতে। ডিসেম্বরে দু’ম্যাচের টেস্ট সিরিজ খেলতে পাকিস্তান সফর করবে শ্রীলঙ্কা। গতকাল পাকিস্তান ক্রিকেট বোর্ড এক বিবৃতিতে নিশ্চিত করেছে, ১১ ডিসেম্বর রাওয়ালপিন্ডিতে শুরু হবে প্রথম টেস্ট। ১৯ ডিসেম্বর থেকে করাচিতে হবে দ্বিতীয় টেস্ট। আইসিসিও নিশ্চিত করেছে বিষয়টি।

 ২০০৯ সালে পাকিস্তান সফরকারী শ্রীলঙ্কা দলের ওপর সন্ত্রাসী হামলার পর দীর্ঘদিন ঘরের মাঠে ক্রিকেট খেলতে পারেনি পাকিস্তান। মাঝে উইন্ডিজ ও জিম্বাবুয়ে কিছু টি-টোয়েন্টি ও ওয়ানডে খেলেছে সেখানে। ক’দিন আগে শ্রীলঙ্কাই ৩টি করে ওয়ানডে ও টি-টোয়েন্টির সিরিজ খেলে। সেই শ্রীলঙ্কাই শেষ পর্যন্ত প্রথম দল হিসেবে ১০ বছর ৮ মাস পর পাকিস্তানের মাটিতে টেস্ট খেলবে। বিষয়টি দারুণ খুশি পিসিবি। ডিরেক্টর জাকির যান শ্রীলঙ্কার ক্রিকেটারদের সর্বোচ্চ নিরাপত্তা দেওয়ার প্রতিশ্রুতি জানিয়ে বলেছেন, ‘পাকিস্তানে টেস্ট ক্রিকেট ফেরার খবরটি দারুণ ব্যাপার। শ্রীলঙ্কা ক্রিকেটকে ধন্যবাদ এখানে টেস্ট খেলতে আসার জন্য রাজি হওয়ায়। আশা করি এই সিরিজের মাধ্যমে আমরা অন্য দেশকেও টেস্ট খেলতে আসার প্রস্তাব দিতে পারব।’