যুক্তরাষ্ট্রভিত্তিক ট্রেসের সূচক

দক্ষিণ এশিয়ায় ঘুষঝুঁকি বেশি বাংলাদেশে

ঘুষ লেনদেনের ক্ষেত্রে দক্ষিণ এশিয়ায় সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশ হিসেবে বাংলাদেশকে চিহ্নিত করা হয়েছে। যুক্তরাষ্ট্রভিত্তিক ঘুষবিরোধী বৈশ্বিক ব্যবসায়ী সংগঠন ট্রেস ইন্টারন্যাশনালের ‘ট্রেস ব্রাইবারি রিস্ক ম্যাট্রিক্স’ শিরোনামের প্রতিবেদনে এ চিত্র উঠে এসেছে।

সম্প্রতি প্রকাশিত প্রতিবেদন অনুসারে, ঘুষের ঝুঁকির ক্ষেত্রে আগের বছরের চেয়ে দুই পয়েন্ট বেড়ে ৭২ স্কোর নিয়ে বাংলাদেশ ১৭৮তম অবস্থানে আছে। প্রতিবেশী দেশগুলোর মধ্যে ভারত ৪৮ পয়েন্ট নিয়ে ৭৮তম ও পাকিস্তান ৬২ পয়েন্ট নিয়ে ১৫৩তম অবস্থানে আছে।

প্রতিবেদনে ট্রেস জানিয়েছে, সরকারের সঙ্গে যোগাযোগ, ঘুষ দাবি ও নিয়মতান্ত্রিক জটিলতা; ঘুষবিরোধী নিয়মকানুন ও তার প্রয়োগ; আর্থিক স্বচ্ছতা ও সুশীল সমাজের নজরদারিÑ এ চারটি বিষয় বিশ্লেষণ করে সূচকটি তৈরি করেছে সংগঠনটি। প্রধানত চারটি ক্ষেত্রে ভালো-মন্দ বিবেচনায় ১-১০০-এর মধ্যে স্কোরের ভিত্তিতে ঘুষের ঝুঁকি পরিমাপের এ সূচকে ২০০টি দেশ ও অঞ্চলের অবস্থান তুলে ধরা হয়েছে।

এ ঘুষের ঝুঁকিসূচকে সবচেয়ে কম ঝুঁকিপূর্ণ পাঁচটি দেশ হলো নিউজিল্যান্ড, নরওয়ে, ডেনমার্ক, সুইডেন ও ফিনল্যান্ড। আর সবচেয়ে ঝুঁকিপূর্ণ হলো ভেনেজুয়েলা, ইয়েমেন, নর্থ কোরিয়া, দক্ষিণ সুদান ও সোমালিয়া।

বিশ্বজুড়ে বাণিজ্য ক্ষেত্রে ঘুষের ঝুঁকির বিষয়ে ব্যবসায়ী মহলে আরও বেশি নির্ভরযোগ্য তথ্যের প্রয়োজন মেটাতে ২০১৪ সালে প্রথম এ সূচকটি প্রকাশ করা হয়। বিনামূল্যে সর্বসাধারণের জন্য উন্মুক্ত এ সূচক বাণিজ্যিক ক্ষেত্রে ঘুষের পসার ঘটায় এমন কতগুলো পরিস্থিতি বুঝতে কোম্পানিগুলোকে সহায়তা করে। এগুলো হলোÑ বেসরকারি খাতের সঙ্গে সরকারের যোগাযোগের ধরন ও বিস্তৃতি; ঘুষের প্রতি সামাজিক মনোভাব ও তা নিষিদ্ধে সরকারের ক্ষমতা; সরকারের স্বচ্ছতা; এবং দুর্নীতি পর্যবেক্ষণ ও প্রকাশে সুশীল সমাজের সক্ষমতা।